সূর্য সরকার।
পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ধূপগুড়ি তৃনমূল (TMC) বিধায়ক মিতালি রায়। মঙ্গলবার সকালে ঘটা দুর্ঘটনায় আহত হন তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে। ঘটনায় জোর চাঞ্চল্য ধূপগুড়ি স্টেশন পাড়া এলাকায়। দলীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ধূপগুড়ি ঝাড় মাগুরমারি এলাকায় “দিদিকে বলো” কর্মসূচি ছিল বিধায়কের। রাতে শরৎ রায়ের বাড়িতে খাওয়া দাওয়া সেরে সেখানে থাকার পর এদিন সকালে বাড়ি ফিরছিলেন তিনি।
বাড়ির কাছে ধূপগুড়ি (Dhoopguri) স্টেশন সংলগ্ন এলাকায় বেলা ১০.৩০ নাগাদ আচমকাই তাঁর গাড়ির সামনে চলে আসে একটি বাইক। বাইককে পাশ কাটানোর পর গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে লাইট পোস্টে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হন বিধায়ক মিতালি রায়। পরিবার সুত্রে জানা গেছে তাঁর পাজরের তিনটি হাড় ভেঙেছে। গুরুতর জখম হন গাড়ির চালক নরেন্দ্রনাথ রায় ও নিরাপত্তারক্ষী জয়দেব কার্জী। তাঁদের চিকিৎসার জন্য আনা হয় ধূপগুড়ি হাসপাতালে। ঘটনায় ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরুপ দে জানান, আমরা এই মুহুর্তে ধূপগুড়ি থেকে উন্নত চিকিৎসার জন্য এদের নিয়ে শিলিগুড়ি নিয়ে যাচ্ছি।
ঘটনায় জলপাইগুড়ি (Jalpaiguri) পুলিশ সুপার অভিশেখ মোদী বলেন, “বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। আমাদের পুলিশকর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news