নীল রায়।
শোভন-বৈশাখী পর্বে ফের ঘটনার ঘনঘটা! শুক্রবার সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) গোলপার্কের বাড়ির কমিউনিটি হলে আয়োজিত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Boisakhi Banerjee) মেয়ের জন্মদিনে গরহাজির তৃণমূল নেতারা। তবে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন গেরুয়া শিবিরের একাধিক নেতা। এদিন ছিল বৈশাখের মেয়ে রিলিনার জন্মদিন। এই অনুষ্ঠানে যেমন আমন্ত্রিত ছিলেন তৃণমূল নেতারা, তেমনই আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে রাজ্য স্তরের প্রায় সমস্ত নেতাকে।ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে শোভন-বৈশাখী ভাইফোঁটা নিয়ে আসার পরে তাঁদের নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল।
তারপর শোভন-বৈশাখীর আমন্ত্রণ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, “জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগর যাবে বলে ওই নিমন্ত্রণ রক্ষা করতে পারছি না।” তিনি নিজে না পারলেও, বিজেপির অন্য বেশ কয়েক জন নেতা নিমন্ত্রণ রক্ষা করেছেন। তাদের মধ্যে ছিলেন বিজেপি নেতা চন্দ্র বসু ও রিতেশ তেওয়ারি। জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননকে। তাঁর পা ভেঙে যাওয়ায় অনুষ্ঠানে আসতে পারবেন না বলে আগেই বৈশাখীকে জানিয়ে দেন মেনন। কিন্তু তিনি জন্মদিনের শুভেচ্ছা ও উপহার দুইই পাঠিয়েছিলেন রিলিনার কাছে, এমনটাই সূত্রের খবর।
শোভন চট্টোপাধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে গিয়ে ভাইফোঁটা নিয়ে আসার পরেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছে। আবার শুক্রবারই রাজ্য সরকার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়েছে কলকাতার প্রাক্তন মেয়রকে। এমন ঘটনার পর শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার জোরালো হচ্ছিল। কিন্তু, বৈশাখীর মেয়ের জন্মদিনে বিজেপি নেতাদের উপস্থিতি ও তৃণমূল নেতাদের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে। কারণ শোভন মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নিলেও তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি বিজেপি।
সূত্রের খবর, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterji) নাকতলার বাড়ি গিয়ে মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ করে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু যাননি পার্থ। দেখা যায়নি মেজ-সেজ-ছোট গোছের কোনও তৃণমূল নেতাকে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান অনেক জল্পনা যেমন জল ঢালল, তেমনি উসকে দিল নতুন সমীকরণ!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news