সূর্য সরকার।
তড়িঘড়ি প্রশাসনিক বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী ১১ নভেম্বর তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। রাজ্য মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রী সহ প্রত্যেকটি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। পুজোর পর নবান্ন (Nabbana) সভাঘরে এমনই এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। তারপর হঠাৎ মাসখানেকের মধ্যেই এই বৈঠক কেন! তা নিয়ে প্রশাসনের অন্দরে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে বেশ কয়েকটি দপ্তর নিজেরাই কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
এমনই সব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মুখ্যসচিব রাজীব সিনহার নির্দেশে অর্থসচিব একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ছাড়া কোনও দপ্তর নিজস্ব সিদ্ধান্ত নিতে বা তা কার্যকর করতে পারবে না। কোনও দপ্তর যদি একক সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভাকে অসম্মানের। সেক্ষেত্রে প্রশাসনিক ‘শাস্তি’ দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।
বৈঠকে দপ্তরের সঙ্গে বসে খোলামেলা আলোচনা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই বৈঠক তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, তেমন কিছু বিষয় নয়, প্রশাসনিক স্তরে নিয়মিত বৈঠকের মতোই মুখ্যমন্ত্রীর বৈঠক করবেন। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার কিছু রদবদল হতে পারেন ১১ নভেম্বরের বৈঠক, তেমনটা শোনা যাচ্ছে নবান্নের অন্দরমহলে কান পাতলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news