নীল রায়। তৃণমূল নেতাদের মোবাইলে “জয় শ্রীরাম” স্লোগান পাঠিয়ে পুলিশি তদন্তের মুখে পড়তে পারেন বিজেপি কর্মীরা। বিজেপির শীর্ষ নেতৃত্বকে মোবাইলে “জয় হিন্দ জয় বাংলা জয় মা মাটি মানুষ। মমতা ব্যানার্জী জিন্দাবাদ।” মেসেজটি পাঠিয়েছিল তৃণমূল কর্মীরা। বুধবার পাল্টা মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের সমস্ত শীর্ষ নেতাদের “জয় শ্রীরাম” স্লোগান তাদের মোবাইলে পাঠিয়েছেন বিজেপি কর্মীরা। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। বুধবার রাতে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, ডেরেক ও ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মোবাইলে “জয় শ্রীরাম” স্লোগান পাঠিয়েছেন বিজেপি কর্মীরা। কলকাতা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে কারা কিভাবে এই হাইপ্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের নম্বরগুলি হাতে পেল। তৃণমূল নেতারা পুলিশে অভিযোগ জানালেও, বিজেপি নেতারা এমনটা করেননি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয় সহ এক ঝাঁক বিজেপি নেতাদের মেসেজ পাঠানো সত্বেও তারা কোনও আইনি ব্যবস্থা নেননি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি মেসেজ পাল্টা মেসেজ পাঠানোর লড়াইয়ে অসহিষ্ণু হয়ে পড়ল ঘাসফুল শিবির? কারণ এই মেসেজ পাঠানোর উদ্যোগ শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই। তৃণমূল কর্মীরাই সর্বপ্রথম বিজেপি নেতাদের নম্বর ভাইরাল করে মেসেজ পাঠানো শুরু করেছিলেন। কিছু ক্ষেত্রে বিজেপি নেতাদের ফোন করেও মেসেজটি শোনানো হয়েছিল বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news