চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাড়ি ফেরা সুখকর হল না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাওড়ার আমতায় খুন হয়ে গেলেন এক তৃণমূল (TMC) নেতা। দেড় বছর ঘরছাড়া থাকার পর গত শনিবার নিজের বাড়ি ফিরেছিলেন তিনি। গত পঞ্চায়েত ভোটের পর থেকেই তৃণমূলের অন্য গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়ে ঘরছাড়া হতে বাধ্য হন তৃণমূল নেতা সমীর কাঁড়ার (৩৮)। এলাকা দখলের রাজনীতির জেরে গত পঞ্চায়েত ভোটের পর থেকে গ্রামছাড়া ছিলেন পঞ্চায়েতের সাত জন সদস্য ও পঞ্চায়েত সমিতির দু’জন সহ আমতার চন্দ্রপুরের অন্তত ৩০০ জন। গত শনিবার পুলিশ প্রশাসনের সাহায্যে তাঁরা গ্রামে ফেরেন। তাদের সঙ্গেই দীর্ঘদিন পর আমতায় ফেরেন। গ্রামে ফেরার পর সোমবার সন্ধ্যায় নিজের পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সমীর কাঁড়ার। সাক্ষাৎ সেরে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা করে একদল দুষ্কৃতীরা। এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। ক্ষত বিক্ষত করে তৃণমূল নেতাকে ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সমীর কাঁড়ারের খুনের ঘটনার পর থেকেই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিরোধী গোষ্ঠীর নেতা শেখ ফারুক মোল্লা পলাতক। তাঁর অনুগামীদের অনেককেই আর গ্রামে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। তৃণমূল এই ঘটনাকে গোষ্ঠী দ্বন্দ্ব মানতে নারাজ। তৃণমূল শিবিরের দাবি, সিপিএম ও বিজেপি পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। আসামিদের যত শীঘ্র সম্ভব গ্রেফতার করা যায়। সেই দাবি করেছেন এলাকার তৃণমুল নেতারা। বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, আমতার ওই এলাকায় আমাদের সংগঠনের কোনও জোর নেই। সবাই তৃণমূল। বিজেপির সঙ্গে এই খুনের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ ওই নেতা খুন হয়েছেন। এখন বিজেপির ওপরে দায় চাপানো হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news