নীল রায়।
শোভন-বৈশাখী নাটক জমিয়ে দিল তৃণমূল। শনিবার শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন তৃণমূলের এক শীর্ষ নেতা। ওই নেতা শোভনকে দলে ফিরে আগের মতোই দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন বলেই সূত্রের খবর। শোভনের এব্যাপারে ওই নেতাকে ঠিক কী জানিয়েছেন তা স্পষ্ট কিছু জানা যায়নি। গত ১৪ অগাস্ট যোগ দেন বিজেপিতে শোভন চট্টোপাধ্যায় (Shovan chatterji) ও তাঁর বান্ধবী বৈশাখী। যোগদানের দিনই বিজেপি সদর দপ্তরে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। সেদিন শোভন স্পষ্ট জানিয়েছিলেন, দেবশ্রীর সঙ্গে এক দলে থাকতে পারবেন না। সে যাত্রায় দেবশ্রীকে ফিরিয়ে দেয় বিজেপি।
কিন্তু দিলীপ ঘোষের বাড়িতে দেখা করতে যান দেবশ্রী রায় (Debashree Roy)। কিন্তু দেখা হয়নি। পরে ফোনে কথা হয়। অভিনেত্রী বিধায়কের দলে যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দেন, “ব্যক্তিগত আপত্তি মানা হবে না। দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।” এমন টানাপোড়েনে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি ছোটেন শোভন-বৈশাখী। সেখান থেকে ফিরে স্পষ্ট জানিয়ে দেন, সমস্যার সমাধান হয়নি।
এর মাঝে আবার গত সোমবার বোমা ফাটান বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”দেবশ্রীকে দলে নেওয়া হলে যদি বৈশাখী দল ছেড়ে চলে যায় তো যাবে। শোভন যায় তো যাবে। তাতে কিছু যায় আসে না। নিজের স্বামী থাকতে মাথায় সিঁদুর নিয়ে অন্যের স্বামীকে নিয়ে ঘোরা বাংলার মানুষ পছন্দ করে না। এই পরকীয়া বাংলার মানুষ মেনে নেবে না।” দিলীপ ঘোষ বিষয়টি জয়ের ব্যক্তিগত মত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিজেপির অবস্থানে আদৌ সন্তুষ্ট নন শোভন-বৈশাখী। তা স্পষ্টও করে দিয়েছেন তাঁরা। আপাতত বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছে না তাঁদের। রাজ্য বিজেপিও এনিয়ে কোনও উচ্চবাচ্য করছে না। ঠিক এমন সময়েই শোভনের কাছে ফোন গেল তৃণমূলের। যা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে সম্প্রতি দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের বাড়িতে এক উচ্চপর্যায়ের বৈঠকে শোভন-বৈশাখীর বিষয়টি তুলেছিলেন মুকুল রায় (Mukul roy)। সবকিছু শুনে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের পারস্পারিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে, তৃণমূল বিরোধিতায় মনোনিবেশ করতে বলেছেন শাহ। দিল্লিতে সেই বৈঠকের পরেই দীর্ঘ টালবাহানার পর শোভন চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী বৈশাখীকে (Baishakhi Banerjee) নিয়ে নারদা তদন্তে নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে নিজের কণ্ঠস্বরের নমুনা দিয়ে এসেছেন। তাই প্রাক্তন তৃণমূল সাংসদ ওই শীর্ষ নেতার শোভনকে ফোন করা কতটা কাজে আসবে, তা নিয়ে সন্দিহান পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের বড় অংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news