নীল রায়।
হিন্দী ভাষা দিবসে হিন্দী (Hindi) নিয়ে আবার সম্মুখসমরে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়! শনিবার হিন্দি দিবস উপলক্ষে ‘এক দেশ-এক ভাষা’র পক্ষে সওয়াল করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে হিন্দি। বহু ভাষাভাষীর এই দেশে সবথেকে বেশি সংখ্যায় মানুষ হিন্দিতেই কথা বলেন।” তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেন, “দেশের সব ভাষারই স্বাতন্ত্র্য, বৈচিত্র্য ও গুরুত্ব রয়েছে।”
এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “বিশ্বের মানচিত্রে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহু প্রচলিত হিন্দি ভাষাই।” এর কিছুক্ষণ পর টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন, তাঁর অগ্রাধিকার মাতৃভাষাতেই। টুইটে তিনি লেখেন, “হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়।”
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৪ সাল থেকে একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে যুক্ত রাষ্ট্রিয় পরিকাঠামোয় আঘাতের অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছের বিরুদ্ধে নিজের মত স্পষ্ট করে দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news