চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
“যারা বিহার থেকে বুদ্ধি ধার করে নিয়ে আসেন, তাঁরা তো বাঙালির বুদ্ধির খোঁজখবর রাখবেন না।” এভাবেই নাম না করে তৃণমূল কংগ্রেস ও তাঁদের পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার নিমতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তৃণমূল (TMC) নেতাদের অভিযোগ প্রসঙ্গে। সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম সহ বেশকিছু তৃণমূল নেতা অভিযোগ করেছেন বহিরাগত রাজনৈতিক দল বিজেপি যারা বাংলা সংস্কৃতি জানেন না তারা রবি ঠাকুরকে সম্মান জানাবেন কি ? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির মতাদর্শক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের কথা বলেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, “বিজেপি পার্টি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার ছেলে। তাঁর থেকে বড় বাঙালি কে ছিল ? তিনি এবং তাঁর পিতা আশুতোষ মুখোপাধ্যায় দুজনই কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। আমাদের জন্য কেউ যদি কিছু করে থাকে তাহলে এনারাই করেছেন। এরা না থাকলে বাঙালিকে দণ্ডকারণ্যের বাঙালি বলে পরিচয় দিতে হতো, যেখানে আধা বাঙালি আধা হিন্দি ভাষায় বলতাম আমরা।” এরপরেই তিনি নাম না করে বলেন, “সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়েছিল সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন। এবং সেখানে কবিগুরু প্রথমবার বাংলাতেই ভাষণ দিলেন। তাঁরা কাদের কি বলেন আমাদের কিছু এসে যায় না। যারা বিহার থেকে বুদ্ধি ধার করে নিয়ে আসেন, তাঁরা তো বাঙালির বুদ্ধির খোঁজখবর রাখবেন না।”
অভিযোগের সুরে দিলীপ বলেছেন, “রামনবমী আমরা এখানে করতে পারছি না, ওখানে হয়তো করতে পারতাম। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার পড়ানোর ব্যবস্থা ছিল না। তাঁর বাবার সম্ভব সর্বপ্রথম বাংলা পড়ানোর বন্দোবস্ত করলেন। ইংরেজিতে স্নাতক হওয়া সত্ত্বেও তাঁর পিতা তাকে জোর করে কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি করলেন এবং সেখান থেকে তিনি পাশ করলেন।” করোনা ভাইরাসের সংক্রমণ ও লকডাউন পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “অনেক জেলা টানা সাতদিন লকডাউন করছে। সেইসব মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই হচ্ছে। সত্যিই করোনা পরিস্থিতি বাংলায় নিয়ন্ত্রণে নেই, সত্যিই খারাপ মনে করেন তাহলে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া উচিত। সারাদেশে যখন মৃত্যুর সংখ্যা কমছে বাংলায় তখন বাড়ছে। প্রথম থেকেই লকডাউন ভালো করে হয়নি এখানে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news