নিজস্ব প্রতিনিধি।
প্রোমোটিংয়ে মদত দেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভা এলাকায়। বিজেপির (BJP) অভিযোগ, প্রোমোটিংয়ের দৌরাত্ম্যে শ্রীরামপুর (Shreerampur) স্টেশন যাওয়ার প্রধান দুটি রাস্তা পুরোপুরি বন্ধ। কারণ একটি রাস্তার ওপরে প্রোমোটিংয়ের কাজ চলছে। তাই রাস্তার ওপরের পরে আছে বালি, পাথর সহ ইমারতী দ্রব্য। অন্যদিকে আরেকটি রাস্তাও পুরোপুরি বন্ধ হয়ে আছে একটি অরাজনৈতিক মঞ্চ তৈরির জন্য। ফলে স্থানীয় ব্যবসায়ীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি হঠাৎই না জানা গাড়ি ঢুকে পড়লে তা বের করতে কালঘাম ছুটছে ড্রাইভারদের।
শ্রীরামপুরের নার্সারি রোড, সেখানে ইমারতি দ্রব্য রাস্তার মাঝখানে ফেলে রাখায় কোনও গাড়ি বা সাইকেল রাস্তা পার হতে পারছে না। অফিসযাত্রীরা সময় মতো ট্রেন ধরতে পারছে না বলেই অভিযোগ। অন্যদিকে, লেনিন সরণিতে রাস্তা আটকে তৈরি হচ্ছে মঞ্চ। ফলে এই রাস্তা দিয়ে কোনও গাড়ি ভুলবশত ঢুকে পড়লে তাকে আবার কমপক্ষে চার কিলোমিটার ঘুরে স্টেশনে আসতে হচ্ছে।
এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব থানায় অভিযোগ জানিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূল পার্টি করলেই রাস্তা আটকে প্রমোটিং করা যাবে। তৃণমুল করলেই রাস্তা আটকে মঞ্চ করা যাবে। শ্রীরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য বলেন “প্রোমোটার রাস্তায় মাল ফেলে ব্যবসা করছে, এমন অভিযোগের সত্যতা থাকলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। পুলিশকে বলব প্রমোটারকে গ্রেফতার করতে।” তিনি আরও বলেন, “আর যারা মঞ্চ করেছেন, তাদের যদি রাস্তা আটকানোর অনুমতি না থাকে, প্রশাসন প্রশাসনের মত কাজ করবে। এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news