নীল রায়।
বিধানসভায় উপস্থিত থাকলেও রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) স্বাগত জানালেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যপাল বিধানসভায় এসেছিলেন। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে বিধানসভায় তাঁর মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন তিনি। বিধানসভার মার্শাল এবং অন্যান্য আধিকারিকরা রাজ্যপালকে অভ্যর্থনা জানান। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপি (BJP) বিধায়করা। প্রসঙ্গত বৃহস্পতিবার বিধানসভায় এলে রাজ্যপালের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল পশ্চিমবঙ্গ সরকার তথা বিধানসভা কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করেছিলেন স্বয়ং রাজ্যপাল। এদিনও বহাল রইল সেই অসৌজন্যমূলক আচরণ।
বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি অর্থাৎ বি এ কমিটির বৈঠক চলছে সেই কারণেই রাজ্যপালের সঙ্গে অধ্যক্ষ দেখা করতে পারবেন না বলে বৃহস্পতিবার রাতেই রাজভবনকে জানিয়ে দিয়েছিল বিধানসভার সচিবালয়। এদিন মাল্যদানের পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যা কালকে হয়েছে তাতেও আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। এটা হওয়া উচিত ছিল না।” গতকালের তুলনায় অনেকটাই নমনীয় ছিলেন রাজ্যপাল।
এদিন রাজ্যপাল আরও বলেন, “অধ্যক্ষের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে অধ্যক্ষ জানিয়েছিলেন তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ব্যস্ত থাকবেন তাই তিনি দেখা করতে পারবেন না। অধ্যক্ষ আমাকে বলেননি যে আপনি বিধানসভায় আসবেন না।” তিনি আরও বলেন, “অধ্যক্ষের অফিস থেকে জানানো হয়েছিল যে অধ্যক্ষ থাকতে পারবেন না।কিন্তু কোন কোন সংবাদমাধ্যম কিছু বিভ্রান্তিকর খবর করেছে।”
রাজ্যপালকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু স্বাধীন সরকার, পাশাপাশি বড়জোড়ার সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তীকেও দেখা গেল রাজ্যপালের পাশে। কিন্তু, দেখা মেলেনি শাসকদলের কোনও প্রতিনিধির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news