নীল রায়।
তেলেঙ্গানায় তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ-খুনে (Telengana Gang Rape & Murder) অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার মেয়ো রোডে সংহতি দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।’’ পুলিশকে কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দিতে হবে। যত দ্রুত সম্ভব। তিন থেকে ১০ দিনের মধ্যে। কাগজপত্র জোগাড় করতে হবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এটা জরুরি অবস্থা হিসেবে দেখতে হবে। যে করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’’
দক্ষিণ দিনাজপুরে একটি ধর্ষণকাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যেই চার্জশিট দিয়েছিল পুলিশ। এ দিন সেই উদাহরণ টেনে মমতা বলেন, ‘‘কখনও কখনও কিছু ঘটে যায়। আমরা সমর্থন করি না। কিন্তু আইনকেও শক্তিশালী হওয়া উচিত। আমরা সরকারে আসার পর দক্ষিণ দিনাজপুরে ধর্ষণকাণ্ডে তিন দিনে চার্জশিট দিয়েছিলাম।’’ মমতা আরও বলেন, ‘‘আমি কোনও মহিলার উপর অত্যাচার সহ্য করি না। হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে। উন্নাওয়ের কেসটা জানত সবাই। তার পরেও কী ভাবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হল।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news