চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগে চণ্ডীতলা গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্রনাথ সিংকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। শুক্রবার হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদবকে ডেকে পাঠান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নথিপত্র সমস্ত খতিয়ে দেখে ওই পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দেন তাঁরা। পঞ্চায়েতের প্রধানকে বহিষ্কারের কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ যাদব।
ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গরলগাছা পঞ্চায়েতে ১১৯ জন ক্ষতিগ্রস্তের নামের তালিকা তৈরি হয়েছিল প্রথমে। সেই তালিকাতেই নিজের স্ত্রী সহ পরিচিত আরও বেশ অনুগামীদের নাম তুলে দেন পঞ্চায়েত প্রধান। কিন্ত বাস্তবে ঘূর্ণিঝড়ের দাপটে যাঁরা গৃহহীন হয়েছেন তাঁদের নাম এই তালিকা থেকে বাদই রয়ে গেছে বলে অভিযোগ ওঠে। প্রশাসনের নির্দেশে ওই তালিকা বাতিল করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের আন্দোলনের জেরে চাপে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব থেকে বিষয়টি জানতে চায় রাজ্য নেতৃত্ব। অভিযোগ প্রসঙ্গে যাবতীয় সত্যতা খতিয়ে দেখে শেষমেষ তাঁকে দল থেকে ছেঁটে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news