চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিদ্রোহী এবং জেল ফেরতদের আচমকাই গুরুত্ব বৃদ্ধি হয়েছে তৃণমূলে (TMC)। ২৩ জুলাই দলের ভার্চুয়াল বৈঠকে রাজ্য কমিটির সদস্য হিসেবে আনা হয়েছে একদা বিদ্রোহী তথা জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এমন সিদ্ধান্তের মধ্যেই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জাতীয় ও রাজ্যস্তরে মুখপাত্রদের তালিকা প্রকাশিত হল। এই তালিকায় নাম রয়েছে একদা বিদ্রোহী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। তৃণমূলের এক প্রবীণ নেতার কথায়, যাঁরা কোনও না কোনও সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন তাঁদের আদর যত্ন করে বড় পদ দিয়েছেন আমাদের নেত্রী। তাই ছত্রধর, ঋতব্রত, কুনাল কিংবা নির্বেদ রায়ের মত একদা সমালোচকরা গুরুত্ব পেয়েছেন।
আদি, নব্য ও তৎকাল তৃণমূলীদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন এই মুখপাত্রদের তালিকা। একটা দীর্ঘ সময় জাতীয় স্তরে তৃণমূলের একমাত্র মুখপাত্র ছিলেন তাদের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, দীনেশ ত্রিবেদীকে জাতীয় স্তরে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হলেও, পরবর্তী সময়ে ডেরেকের ওপরেই আস্থা দেখিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখপাত্রদের তালিকা সাজিয়েছে তৃণমূল।
ডেরেক ও ব্রায়েনের সঙ্গে জাতীয় মুখপাত্রদের তালিকায় স্থান পেয়েছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী, কাকলি ঘোষ দস্তিদার, নাদিমুল হক, মণীষ গুপ্ত, শশী পাঁজা, সুখেন্দু শেখর রায়, সৌগত রায় ও বিবেক গুপ্তা। রাজ্য তৃণমূলের মুখপাত্র বর্ষীয়ান নেতাদের সঙ্গে স্থান দেওয়া হয়েছে ছাত্র-যুবদেরও।
অন্যদিকে সিঙ্গুরের আন্দোলন পর্বে মুখ্যমন্ত্রীর অন্যতম সহযোগী বিজয় উপাধ্যায়কে করা হয়েছে দলীয় মুখপাত্র। শেষ দিন পর্যন্ত মমতার অনশনের সঙ্গী বিজয় এতদিনে কিছুটা হলেও স্বীকৃতি পেয়েছেন।
এছাড়াও তালিকায় রয়েছেন অরূপ চক্রবর্তী, বিশ্বজিৎ দেব, ব্রাত্য বসু, সমীর চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবু টুডু, দীনেশ বাজাজ, নয়না বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, রাজীব বন্দ্যোপাধ্যায়, ওম প্রকাশ মিশ্র, শান্তনু সেন, শীলভদ্র দত্ত, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ ও বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় ও তাপস রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news