চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আগাম জামিনের মামলা কেরল হাইকোর্টে খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে যাচ্ছেন মানবাধিকার কর্মী রেহানা ফতিমা। গত সপ্তাহে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই ভিডিয়োর পরিপ্রেক্ষিতে জুভেনাইল ও আইটি আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে থিরুভাল্লা থানার পুলিশ। এদিন সেই মামলায় আগাম জামিনের জন্য কেরল হাইকোর্টে যান ফতিমা। কিন্তু কেরল হাইকোর্ট ফতিমার আর্জি খারিজ করে দেন।
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন রেহানা ফতিমা। ভিডিয়োতে দেখা গিয়েছে, ফতিমার অর্ধ নগ্ন শরীরের ওপর ছবি আঁকছেন ৮ বছরের ছেলে ও ১৩ বছরের মেয়ে। ভিডিয়োটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বিতর্ক তৈরি হয়। অনেকে প্রশ্ন তোলেন, নাবালক দুই সন্তানকে নিয়ে নগ্ন হয়ে এভাবে ভিডিয়ো পোস্ট করার অর্থ কি। পোস্টের কমেন্টে সমালোচনার ঝড় ওঠে। এরপরই জামিন অযোগ্য ধারায় ফতিমার নামে পকসো আইনে মামলা রুজু করে কেরল পুলিশ।
এই ভিডিয়ো ঘিরে যতই বিতর্ক তৈরি হোক এ নিয়ে ফতিমার বক্তব্য, তিনি তাঁর সন্তানদের যৌন শিক্ষা দিচ্ছেন। এ ছাড়া জামিনের আবেদন তিনি যুক্তি দেন, অনেক হিন্দু মন্দিরে অর্ধনগ্ন মূর্তির খোদাই করা কারুকার্য থাকে। কিন্তু কেউ যখন পুজো দিতে যান, তাঁর মধ্যে যৌন অনুভূতি আসে না। ভগবানের প্রতি ভক্তি আসে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নগ্নতা কি অশ্লীলতার পরিচয়। তাঁর মতে, “এক্ষেত্রে তিনি সন্তানদের দিয়ে কোনও অশ্লীল কাজ করাননি। তাঁরা এমন কিছু ছবি আঁকেননি, যাতে খারাপ কিছু বর্ণিত হয়। তাছাড়া যৌন তৃপ্তির জন্য শিশুকে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে তা প্রমাণ হয় না।” তবে ফতিমার এইসব যুক্তি থাকলেও তাঁর বিরুদ্ধে আবেদনে বলা হয়েছে, যখন কেউ অর্ধ নগ্ন হয়ে নিজের শরীরকে শিশুদের জন্য ক্যানভাস হিসেবে ব্যবহার করতে দিয়েছেন এবং সেখানে অন্য কেউ ছিল না। তাই স্বাভাবিকভাবে এই কাজকে যৌন মানসিকতা হিসেবেই ধরা হবে।

প্রসঙ্গত, কেরলের শবরীমালা মন্দিরে সুপ্রিম কোর্ট মহিলাদের প্রবেশে অনুমতি দেওয়ার পর মন্দিরে ঢোকার চেষ্টা করেন রেহানা ফতিমা। সেই সময় তিনি প্রথমবার সংবাদ শিরোনামে আসেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news