নীল রায়।
“ঘরে ওয়াপসি” হল নৈহাটি ও গারুলিয়া বেশকিছু তৃণমূল কাউন্সিলরের। শনিববার বিজেপি-তে চলে যাওয়া নৈহাটির ১০ ও গারুলিয়ার ২ জন কাউন্সিলর ফিরলেন তৃণমূলে। ফিরে আসা কাউন্সিলরদের পাশে নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, বাকীরাও শীঘ্রই ফিরে আসবেন। মুকুল রায় ও অর্জুন সিংয়ের “গেমপ্ল্যান” ফেল করেছে। গত ২৯ মে নৈহাটি পুরসভার ১৮ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। ২০১৫ সালের পুরভোটে নৈহাটি ছিল বিরোধী শূন্য। ৩১টি ওয়ার্ডই ছিল তৃণমূলের দখলে। কিন্তু ১৮ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল। তারপরই ওই পুরসভায় প্রশাসক বসিয়ে দেয় নবান্ন।
গারুলিয়া পুরসভার ২ জন তৃণমূল কাউন্সিলর বিজেপি থেকে ফিরে আসেন। ফলে এই মুহূর্তে গারুলিয়া পুরসভায় তৃণমূল-১০, বিজেপি-১০ ও ফরওয়ার্ড ব্লকের -১ জন কাউন্সিলর রয়েছে। তাই মনে করা হচ্ছে গারুলিয়া পুরসভার দখলদারি আগামী দিনে উত্তপ্ত হতে পারে ভাটপাড়া শিল্পাঞ্চল। তবে এদিন পুরমন্ত্রী অভিযোগ করেন, কারও বাচ্চাকে মেরে, বাড়িতে ভাঙচুর করে বিজেপি-তে নিয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, “আজকে এঁরা তৃণমূলে ফিরবে শুনে অর্জুন বাহিনী ওখানে ভয়ের পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছিল। উমেশ সিং নামের আমাদের এক কর্মীকে বোতল ভেঙে মাথায় ঢুকিয়ে দিয়েছে।” এদিনের যোগদান পর্বে ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news