ওয়েব ডেস্ক:
ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে বলি হয়েছিলেন ফুচকা বিক্রেতা দুই সাধারণ নাগরিক। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে আহত হল ছয় বছরের শিশু। স্থানীয় সূত্রে খবর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনকে ঘিরে শনিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের আকার ধারণ করে মেদিনীপুর সদর ব্লকের খাঁগাড়ডিহি। পুলিশের সামনেই চলে ব্যাপক বোমাবাজি। আর সেই বোমার আঘাতেই জখম হয় নিস্পাপ শিশু। আহত শিশুটির নাম মিতালি মণ্ডল। বোমার আওয়াজ শুনে স্কুলের বাইরে বেরিয়ে আসতেই জখম হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিতালি।
এদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এদিন তাদের কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল কর্মীরাই। যার জেরে জখম হয়েছেন কম করে ৫ জন বিজেপি কর্মী। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রশ্ন উঠছে, যারাই সংঘর্ষের জন্য দায়ী হোক, কিন্তু ওই শিশুর কী দোষ ছিল?
প্রসঙ্গত, জখম শিশু মিতালি মণ্ডল খাঁগাড়ডিহি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সংঘর্ষের সময় স্কুলেই ছিল সে। বোমার আওয়াজে ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে সে। আর তখনই বোমার আঘাতে পায়ে চোট পা সে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news