নীল রায়:
তৃণমূলে বহাল রইল তারকা প্রার্থীর ট্র্যাডিশন! মঙ্গলবার কালীঘাটে বাংলার ৪২ টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছে গতবারের মতোই এবারও চারজন বাংলা সিনেমার চিত্রতারকা স্থান পেয়েছেন। যাদবপুরের মতো আদ্যোপান্ত একটি সম্ভ্রান্ত লোকসভা আসনে মিমি চক্রবর্তীর মতো একজন অল্প বয়সী অভিনেত্রীকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে এই আসন থেকেই রাজনৈতিক জীবনের উত্থান হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চমক এখানেই থেমে থাকেনি, বসিরহাট কেন্দ্রে ইদ্রিস আলীকে হটিয়ে টিকিট দেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত জাহানকে।
প্রত্যাশামতোই ঘাটালে আরেকবার তৃণমূল প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেতা সুপারস্টার দেব। আসন বদল হলেও টিকিট দেওয়া হয়েছে মুনমুন সেনকে। গতবার বাঁকুড়ার মতো মসৃণ আসনে তাকে প্রার্থী করা হলেও, এবার পাঠানো হয়েছে আসানসোলে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁকে লড়তে হবে। তবে মেদিনীপুর আসন থেকে এবার আর টিকিট দেওয়া হয়নি অভিনেত্রী সন্ধ্যা রায়কে। এদিন তাঁকে পাশে নিয়েই ওই আসনে রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার নাম ঘোষণা করেছেন মমতা। বীরভূমে তৃতীয়বারের জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। যদিও তাঁর ক্ষেত্রে বিশেষ আপত্তি ছিল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। লোকসভা এলাকায় ও সংসদের অন্দরে ভালো পারফরম্যান্সের জন্য অনুব্রত মণ্ডলের আপত্তিকে পাত্তা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুইবার কৃষ্ণনগর আসন থেকে সাংসদ অভিনেতা তাপস পালকে টিকিট দেওয়া হয়নি। তাপস পালকে যে আর প্রার্থী করা হবে না, তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব।
এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যাদবপুর, বসিরহাট, আসানসোল সহ নানা এলাকার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেলেও, তার বহিঃপ্রকাশ হয়নি নেত্রীর রোষাণলে পড়ার ভয়ে। তবে প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের এক জেলা সভাপতি ফোন করেন তৃণমূলের বিধায়ক তথা লোকসভার টিকিট প্রত্যাশী এক নেতাকে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ওই সভাপতি ফোনে বিধায়ককে বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেই মুখ্যমন্ত্রী অভিনেত্রীদের প্রার্থী করে মক্ষোম চাল দিলেন। বিধায়ক সভাপতিকে পালটা উত্তর দেন, “তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে পুরুষদের আর রাজনীতি করাই চলে না। সব আসনে অভিনেত্রীদের দাঁড় করিয়ে দিলেই সমস্যার সমাধান হয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news