ওয়েব ডেস্ক:
ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাক কেন? আজ সংসদে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। বৃহস্পতিবার মুলতুবির পর সংসদের অধিবেশন শুরু হতেই তিন তালাক বিল নিয়ে শুরু হয় বিতর্ক৷ কংগ্রেস, তৃণমূল, এনসিপি ও এআইএমআইএম তিন তালাক বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে৷ লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তিন তালাক বিল আরও খতিয়ে দেখা প্রয়োজন৷ বিলটিকে জয়েন্ট সিলেক্ট কমিটিকে পাঠানো হোক৷ একই দাবি তোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যয়৷
এরপরই বিরোধীদের জবাব দেন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, মুসলিম মহিলাদের স্বার্থ সুরক্ষায় বিলটি আনে সরকার৷ এই বিলে এমন কিছু নেই যা তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে৷ বরং মুসলিম মহিলারা যাতে ন্যায় ও সমানাধিকার পায় তা সুনিশ্চিত করতেই এই বিল৷
কেন্দ্রীয় আইনমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান, সুপ্রিম কোটের রায়ের পরেও ৪৩০টি তিন তালাকের ঘটনা প্রকাশ্যে এসেছে৷ এর মধ্যে ২০১টি হয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর৷
এইসময় বিরোধীরা প্রশ্ন তোলেন, তিন তালাক নিয়ে মরিয়া সরকার সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ অধিকার নিয়ে সচেষ্ট নয় কেন? আইনমন্ত্রী জানান পাল্টা প্রশ্ন তোলেন, মুসলিম অধ্যুষিত ২০ দেশে তিন তালাক বন্ধ৷ তাহলে ধর্মনিরপেক্ষ দেশ ভারতে কেন এই প্রথা বন্ধ করা হবে না?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news