ওয়েব ডেস্ক:
এবার মোদীর নামে আস্ত মন্দির গড়ছেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের জেলার একদল মুসলিম মহিলা। কেন? কারণ তিন তালাক বাতিল করেছে কেন্দ্রের মোদী সরকার। দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই তাঁর নামে মন্দির গড়তে চলেছেন ওই মহিলারা।
উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকার বিতর্কিত তিন তালাক বাতিল করার পর বিভিন্ন মহলে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে বিরোধীদের একাংশ সরব হয়েছিল। পাশাপাশি খুশি হয়েছিলেন ভারতে বসবাসকারী মুসলিম মহিলারা। সে কথা যে সত্যি তা প্রমাণ করলেন মুজফফরনগরের এই মহিলারা।
সূত্রের খবর, তিন তালাকের বাতিলের পর থেকেই নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপায় খুঁজছিলেন এলাকার মুসলিম মহিলাদের একটি সংগঠন। পরে নিজেদের মধ্যে আলোচনা করে তাঁরা সিদ্ধান্ত নেন মোদীর নামে মন্দির গড়বেন। সেই মতো নিজেদের জমানো টাকা খরচ করে ওই মন্দির তৈরি শুরু করেন। মুজফ্ফরনগরের জেলাশাসকের কাছে এই মর্মে একটি স্মারকলিপিও জমা দেন।
মহিলা সংগঠনটির সদস্যাদের বক্তব্য, উন্নত চিন্তাধারা ও দেশবাসীর প্রতি মনোভাবের জন্য সারা বিশ্বই নরেন্দ্র মোদীকে সম্মান জানাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পুরস্কার দিচ্ছে। তাই আমাদের মনে হয়েছে, নিজের দেশে তাঁকে সম্মানিত করা উচিত। এই ভেবেই প্রধানমন্ত্রীর নামে নিজেদের টাকাতেই মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news