চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“পরিকল্পনা ছাড়াই লকডাউন করা হয়েছে। তার ফলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া লক্ষ লক্ষ শ্রমিক দুর্দশার মধ্যে পড়েছেন।” বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কংগ্রেস (Congress) ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনটাই অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কাঠগড়ায় তোলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। এদিন তিনি বলেন, “আমাদের দেশ এখন অভুতপূর্ব স্বাস্থ্য ও মানবিক সংকটের মধ্যে রয়েছে। আমাদের সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য আমাদের মনোবল হওয়া চাই দৃঢ়তর।” বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ভোগান্তি প্রসঙ্গে উল্লেখ করে সোনিয়া বলেন, “আমরা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ শত শত কিলোমিটার হেঁটে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছেন। তাঁদের না আছে খাদ্য না আছে আশ্রয়। তাঁদের দুর্দশা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।”

কংগ্রেস সভানেত্রী ক্ষোভের সুরে বলেন, “সরকারের আগেই বোঝা উচিত ছিল, লকডাউন হলে অনেকে সমস্যায় পড়বেন। সেইমতো আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সবরকম সাহায্য করতে হবে। তাঁদের হাজমত স্যুট, এন-৯৫ মাস্ক ইত্যাদি যথেষ্ট সংখ্যায় সরবরাহ করতে হবে অবিলম্বে।” সোনিয়া গাঁধী ছাড়াও এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী, লোকসভার দলনেতা অধীর চৌধুরী, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ সহ আরও কয়েকজন প্রবীণ নেতা।
ছবি সৌজন্য : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news