নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :
রায়গঞ্জের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুকান্ডে সিবিআই তদন্তের দাবি করে তাঁর মা হাইকোর্টে আপিল করবেন। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উচ্চ আদালতে এই লড়াই করবেন। শুক্রবার রায়গঞ্জে এসে মৃত প্রিসাইডিং অফিসার স্কুল শিক্ষক রাজকুমার রায়ের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করে একথা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তাঁর সঙ্গে রাজকুমার রায়ের রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার বাড়িতে যান রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। আব্দুল মান্নান বলেন, প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়কে পঞ্চায়েত ভোটের দিন খুন করা হয়েছিল। কিন্তু উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এটাকে আত্মহত্যা বলে চালিয়েছে। এর প্রতিবাদে কংগ্রেস লড়াই করবে। উল্লেখ্য, গত ১৪ মে পঞ্চায়েত ভোটের ডিউটি নিয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে ইটাহারের লক্ষ্মীপুর প্রাথমিক স্কুলে ৪৮ নম্বর বুথে কাজে যোগ দিয়েছিলেন রায়গঞ্জের বাসিন্দা রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। ভোটের দিনই ভোট চলাকালীন সন্ধ্যায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পরদিন ১৫ মে সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে রাজকুমার রায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news