চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
সোমবার রাত থেকে উত্তাল হয় বঙ্গ রাজনীতি, তাতে একটাই প্রশ্ন, মুকুল কোন ফুলে। মুকুল রায়ের দিল্লি যাত্রাকে কেন্দ্র করে মুহুর্মুহু নাটকীয় পট পরিবর্তন ঘটে। মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানান, তার বাবাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দিল্লি বিমানবন্দরে নেমেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ক সাফ জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় দিল্লি গিয়েছেন। কেউ তাকে জোর করেননি।
মুকুল জানান, দিল্লিতে একাধিক রাজনৈতিক কাজ নিয়েই গিয়েছেন তিনি। কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও। পাশাপাশি এও দাবি করলেন, তিনি কখনওই তৃণমূলে ছিলেন না, বিজেপির হয়েই কাজ করতে চান। বর্ষীয়ান নেতার কথায়, “আমি বিজেপির বিধায়ক। তৃণমূলে কোনওদিনই ছিলাম না। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে কাজ করাও যায় না। আমি বিজেপির হয়েই আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। সেই আরজিই নাড্ডাজি, শাহজিকে জানাব।”
তিনি বলেন, “আমি বিজেপির লোকসভার সাংসদ, বরাবরই সাংসদ ছিলাম। কোনওদিন বিধায়ক ছিলাম না। লোকসভার অধিবেশনের জন্য দিল্লিতে এসেছি।” এদিন তাকে বলতে শোনা যায়, “সিপিএমকে বাংলা থেকে হঠানোই আমাদের উদ্দেশ্য। সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হবে, তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে।”
এদিকে মুকুল রায় প্রসঙ্গে তৃণমূল তথা শুভ্রাংশু রায়কে খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি বলেন, “আমার মনে হয়, বাড়ির লোকের অত্যাচারে উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। উনি বাড়িতে খুব কষ্টে ছিলেন। ছেলে হয়তো অত্যাচার করে। দলের কাছেও তিনি খুব সুখী নন। পীযুষ কানোরিয়ার নামও আসছে। ওনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক জানি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই, দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে।” পালটা কুণাল ঘোষ বলে দিয়েছেন, মুকুল রায় কী করছেন কিংবা কী করতে চান, তা নিয়ে মাথাব্যথা নেই তৃণমূলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news