চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার সঙ্গে রাজ্যের একাধিক পুরসভার প্রত্যক্ষভাবে যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এলো। এবার ‘বেনিয়ম’ খুঁজতে তৎপর পুরসভা। দফতর সূত্রে খবর, তিনটি পর্যায়ে অডিটের কাজ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কলকাতার লাগোয়া পুরসভাগুলি প্রথমভাগে, দ্বিতীয়বার দক্ষিণবঙ্গের পুরসভাগুলি, শেষ ধাপে উত্তরবঙ্গের পুরসভাগুলির নিয়োগের অডিট হবে। তবে নিয়োগের পদ্ধতি ভিন্ন থাকায় কলকাতা পুরসভাকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। অয়ন শীলকে হেফাজতে নেওয়ার পর ইডি সূত্রে বেশ কিছু তথ্য উঠে এসেছে।
বর্তমানে কলকাতা পুরসভার অনুমোদিত স্থায়ী কর্মীর সংখ্যা ৪৬ হাজার ৪২১ জন। কিন্তু বর্তমানে রয়েছেন মাত্র ১৬ হাজার ৬৭৩ জন। অর্থাৎ শূন্য পদ ২৯ হাজার ৭৪৮ জনের। বর্তমানে কলকাতা পুরসভায় অস্থায়ী কর্মী সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন। রাজ্যজুড়ে পুরনিগম রয়েছে ৬টি এবং মিউনিসিপ্যালিটি রয়েছে ১২৩টি। সবক’টি পুরনিগম এবং মিউনিসিপ্যালিটি মিলিয়ে অনুমোদিত কর্মী সংখ্যা রয়েছে ৭৯ হাজার ৩৯৭ জন। কিন্তু কর্মী রয়েছে ৩৯ হাজার ৯৩ জন। রাজ্যজুড়ে সেই জায়গায় অস্থায়ীকর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজারের কাছাকাছি।
২০১৮-১৯ অর্থবর্ষের আগে কলকাতা পুরসভা ছাড়া রাজ্যের কোন পুরনিগম বা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অন্তর্গত ছিল না। সেই সময় কলকাতা ছাড়া বাকি পুরসভা গুলিতে কর্মী নিয়োগের দায়িত্ব নিজ নিজ পুরসভার চেয়ারম্যান বা সেই প্রতিষ্ঠান গঠিত কমিটি স্থির করত।
২০১৮-১৯ অর্থবর্ষ থেকে রাজ্যে সবকটি পুরনিগম এবং মিউনিসিপ্যালিটির কর্মী নিয়োগের বিষয়টি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অন্তর্গত আসে। তখন থেকে নাম হয় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কলকাতা পুরসভার গ্রুপ ডি কর্মী নিয়োগ ছাড়া বাকি সব নিয়োগ ২০০৮-০৯ অর্থ বর্ষ পর্যন্ত মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অধীনে হত। সংশ্লিষ্ট অর্থ বর্ষের পর থেকে গ্রুপ ডি কর্মী নিয়োগও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অধীনে চলে আসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news