কিশোর ঘোষ: 
যেন ওঁরা ‘নজরুল-মন্ত্রে’ দীক্ষিত, এক বৃন্তে দুটি কুসুম। ঈশ্বর-আল্লা তেরো নামের সার্থক উদাহরণ যেন জায়গাটা। যেখানে এক উঠোনে পাশাপাশি মন্দির ও মসজিদ দিব্য আছে। এক ঠিকানায়, পুজোর সময় পুজো হয়, আজান দেওয়া আর নমাজ পড়াও চলে নিয়ম করে। যখন অন্যকে হিংসা করাই দুনিয়ার ধর্ম হয়ে উঠেছে, তখন রাজ্যের ঝাড়গ্রাম জেলায় গত ২৫ বছর ধরে নিরবে সৌভ্রাতৃত্বের নজির গড়ে চলেছে এই ‘আশ্চর্য’ স্থানটি। এমনিতে আশ্চর্য হওয়ার কথা না। প্রকৃতির সন্তান প্রাকৃতিক হবে না কেন! ধরুন, হিন্দু-পাখি দেখেছেন কখনও? মুসলিম-গাছ দেখেছেন? যাক গে, আসল কথা হল একসঙ্গে থেকেই ভালো আছেন স্থানীয় হিন্দু ও মুসলমান বাসিন্দারা। কোরাণের আয়াত পাঠ আর শিবের পুজো হচ্ছে একই ঘেরাটোপে। এই মন্দির-মসজিদের কেয়ারটেকার হিন্দু ব্রাহ্মণ নারায়ণ চন্দ্র আচার্য। ভদ্রলোকের কথায়, ‘আমরা সবাই ঈশ্বরের সন্তান। মৃত্যুর পর সকলকেই তাঁর কাছে যেতে হবে।’ খাঁটি কথা, কেন যে মনে থাকে না!
নারায়ণ গর্ব করে বললেন, ‘এখানে ভেদাভেদ নেই। যে যার মতো ঈশ্বরের অর্চনা করেন। একদিকে যখন ভজন গাওয়া হয়, আরেক দিকে তখন কোরাণপাঠ চলে।’ মহামিলনের পবিত্র মাটিতে দাঁড়িয়ে স্থানীয় মুসলিম মহিলা জাহানারা বিবি বললেন, ‘আমরা এখানে কালী মা’কে যেমন দর্শন করতে আসি, তেমনি নমাজ আদা করতেও আসি।’ উচ্ছ্বসিত জাহানারার বক্তব্য, ‘এই জন্যই আমাদের এই জায়গাটা সবার থেকে আলাদা।’
খোঁজখবর নিয়ে জানা গেল, বছরের পর বছর ধরে গায়ে গায়ে থাকলেও মন্দির-মসজিদ নিয়ে হিন্দু মুসুলমানে কখনও কোনও সমস্যা হয়নি। এখানে নিয়মিত আসা ভক্ত চিত্তরঞ্জন মজুমদারের বলেন, ‘এমন স্থান দ্বিতীয়টি দেখিনি, যেখানে বাবা মহাদেব এবং ফকির বাবা এক ছাদের তলায় বিরাজ করছেন।’ তাঁর কথায়, ‘গোটা পৃথিবীতে যদি এমন পারস্পারিক শ্রদ্ধা, ভালোবাসা থাকত তবে সবাই বড় শান্তিতে বাঁচতাম।’
বলা বাহুল্য, চিত্তরঞ্জনবাবু একশ শতাংশ ঠিক। কারণ স্বার্থন্বেষিরা গোলমাল বাঁধায়, নিজের ঝোলাটি ভরার উদ্দেশ্যে। কারণ বাস্তবিক আমরা ‘এক-ছাদে’র তলায় জন্মাই, আনন্দ-বেদনায় বাঁচি এবং মরে যাই একদিন।
সেই ছাদের নাম আকাশ। ডাক নাম অসীম বা অনন্ত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news