নিজস্ব সংবাদদাতা:
শ্রীজাতর বাক স্বাধীনতা থাকলে তসলিমার থাকতে পারে না? অসমের শিলচরের ঘটনা ও তার প্রতিবাদের পর বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠছিলই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন এই প্রশ্ন তোলেন তখন তাতে রাজনীতির রঙ দেখছিল একদল। কিন্তু এবার স্বয়ং তসলিমা নাসরিন জানতে চাইলেন, শ্রীজাতর মত প্রকাশের স্বাধীনতা থাকলে তার বেলায় এ শহর চুপ কেন?
আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরব তসলিমা লেখেন, ‘শ্রীজাত নিজের বাক স্বাধীনতা চান, কিন্তু অন্যের বাক স্বাধীনতা কি চান? আমার বাক স্বাধীনতা? তাঁর রাজ্যে যখন আমার বাক স্বাধীনতা ভেঙ্গে চুরমার হয়েছিল, তখন শ্রীজাত তো নয়ই, বাক স্বাধীনতা নিয়ে যারা ভীষণ লাফায়, তাদের প্রায় কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।’ যাঁর বাক স্বাধীনতার পক্ষে এ শহরের একদল বুদ্ধিজীবী দাঁড়িয়েছে, সেই শ্রীজাতর বিরুদ্ধে তসলিমার অভিযোগ, ‘কবে যেন শ্রীজাত কোথায় বলেছেনও শুনেছি, কলকাতায় আমার না যাওয়াই উচিত।’ অর্থাৎ যে ‘প্রগতিশিল’ কবির বাক স্বাধীনতায় আক্রমণ হওয়ায় ‘বুদ্ধিজীবী’রা রুখে দাঁড়াচ্ছেন, তিনিই তসলিমার বাক স্বাধীনতার বিপক্ষে বলে ইঙ্গিত তসলিমার। আক্ষেপ করেন ‘আমার মেয়েবেলা’র লেখাকা, ‘আমার ওপর আক্রমণ হলে, আমার বই নিষিদ্ধ হলে, আমাকে রাজ্য থেকে, এমনকী ভারত থেকে তাড়ালেও কেন প্রগতিশীল বলে খ্যাত শহরেও কোনও প্রতিবাদ হয় না, যে শহরটির জন্য আমি ইউরোপের বাস ত্যাগ করে চলে এসেছিলাম ?’ তসলিমার আরও বক্তব্য, ‘আমার এখন মনে হয়, কলকাতার হাতে গোনা কিছু মানুষ ছাড়া অশিক্ষিত শিক্ষিত, মূর্খ বুদ্ধিমান, অলেখক লেখক, মুসলমান হিন্দু , আস্তিক নাস্তিক বিশ্বাস করে,আমি অনাগরিক, সুতরাং আমার অত বাক স্বাধীনতা থাকার দরকার নেই, ভারত জায়গা দিয়েছে, তাতেই আমার খুশি হয়ে ভারতের গুণগান গাওয়া উচিত।’
সোমবার সকালে নিজের ফেসবুকে পোস্টে তসলিমার কটাক্ষ, ‘এ শহর’ প্রতিবাদও করে বেছে বেছে। তসলিমা নাসরিন লেখে, ‘আমার কি দেখা হয়নি সব? শ্রীজাত’র ওপর কী হয়েছে? আমার ওপর তার চেয়ে লক্ষ গুণ বেশি অত্যাচার হয়নি? কেউ কেউ বলবে, হলে হোক, তুমি তো বিদেশি। একই ব্রহ্মপুত্রের পাড়ে জন্ম হলেও আমি বিদেশি। আসলে আমার কথা বার্তা পছন্দ না হলেই আমি ‘বিদেশি’। বিদেশিদের সমস্যা নিয়ে আমরা মাথা ঘামাই না, আমরা প্রগতিশীল, আমরা বাঙালি বুদ্ধিজীবি! বটে।’
তসলিমার এই প্রতিবাদী পোস্টকে কীভাবে নেবে বিবেকবান প্রগতিশীল শহর, সেটাই এখন দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news