ওয়েব ডেস্ক:
অম্বিকেশ মহাপাত্রকে রাজ্য এখনও কেন জরিমানা মেটায়নি? কেন মানবাধিকার কমিশনের সুপারিশ মতো ব্যবস্থা নেয়নি রাজ্য? রীতিমতো ভর্ৎসনার সুরে আজ জানতে চাইল হাইকোর্ট। এইসঙ্গে কার্টুন কাণ্ডে অম্বিকেশ মহাপাত্রকে রাজ্যের জরিমানা সংক্রান্ত মামলায় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত। সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে৷
এদিন বিচারপতিরা রাজ্যের কাছে জানতে চান, ‘মানবাধিকার কমিশন কেন আছে? কিছু ব্যক্তির অবসরকালীন সুযোগ সুবিধা দেখার জন্য? নাকি তাদের অধিকার খর্ব হলে তারা যাতে সুবিচার পান সেটা দেখার জন্য?
ডিভিশন বেঞ্চ আজ আরও বলে, যখন কমিশন সুপারিশ করেছে দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ এবং ২ পুলিশ অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত করতে, তখন আপনারা (রাজ্য) বসে থাকতে পারেন না।
উল্লেখ্য, অম্বিকেশ মহাপাত্রকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল মানবাধিকার কমিশন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। যদিও নয় মাস কেটে গেছে, রাজ্য সরকার মানবাধিকার কমিশনের সুপারিশ মানেনি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন অম্বিকেশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news