চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস (Congress) নেতা তরুণ গগৈ (Tarun Gagoi)। সোমবার সন্ধ্যায় অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর সংবাদমাধ্যমে জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত আগস্ট মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন একদা কংগ্রেস রাজনীতির এই বর্ষীয়ান নেতা। তাঁর প্রয়াণে কংগ্রেস রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিগত কয়েকদিন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
তরুণ গগৈ পাঁচ দশকেরও বেশি সময় দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। পাঁচবারের সাংসদ, চারবারের বিধায়ক এবং রেকর্ড ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী থেকে শুরু করে ড. মনমোহন সিং পর্যন্ত, একাধিক কংগ্রেসি প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র ছিলেন অসমের এই রাজনীতিক। প্রথমবার সাংসদ নির্বাচিত হন ৭১-এ। নিজের শহর জোড়হাট থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন চারবার ১৯৭১-৮৫। পরবর্তীকালে কোলিয়াবর কেন্দ্র থেকে দু’দফায় সাংসদ হন। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন দু’বার। জাতীয় স্তরে কংগ্রেসের সাধারণ সম্পাদকও ছিলেন। পি ভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রীও হন তিনি। বর্তমানে তাঁর কন্যা চন্দ্রিমা গগৈ ও পুত্র গৌরব গগৈ রাজনীতিতে রয়েছেন। পুত্র দুবার কংগ্রেসের প্রতীকেই সাংসদ হন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news