চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দলের সঙ্গে দূরত্ব ঘোচাতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে রফাসূত্র বের করতে পারলেন না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) । সোমবার সকাল থেকে এই বৈঠকের খবরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। এদিন সকালে তৃণমূল ভবনে (TMC Bhaban) এসেছিলেন তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর, রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সৌগত রায়। বৈঠক হয় তিনজনের। দুপুরের দিকে একে একে তৃণমূল ভবন ছাড়েন এই নেতারা। যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব ঘোচানো প্রসঙ্গে কোনও আশার বাণী শোনাতে পারেননি। সন্ধ্যায় নিউটাউনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন সৌগত রায়।
সূত্রের খবর, প্রায় এক ঘন্টা বৈঠক হয় উভয়ের মধ্যে। কিন্তু, চূড়ান্ত কোনও রফাসূত্র মেলেনি। স্থির হয়েছে আরও একবার দল ও শুভেন্দু মধ্যে তৈরি হওয়া সমস্যা নিয়ে সৌগত রায় মধ্যস্থতায় বসবেন। এদিন শুভেন্দু অধিকারীকে মোবাইলে ফোন করা হলে উত্তর মেলেনি। সাংসদ সৌগত রায় জানিয়েছেন, এ প্রসঙ্গে বিস্তারিত সাংবাদিক সম্মেলন করে বলবেন। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় দু’পক্ষের মধ্যে সম্পর্ক ঠিক হওয়া সম্ভব নয়। এখন শুধুই চলছে পরস্পরের মধ্যে স্নায়ুযুদ্ধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news