চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূল (TMC) বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও। ২২ বছর আগে কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের ছিল তাঁর ধ্যান-জ্ঞান। অথচ ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের (Tamonash Ghosh) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) থেকে শুরু করে কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর মৃত্যু সংবাদ জানার পরেই এক ভিডিও বার্তা প্রকাশ করে শোক জ্ঞাপন করেন সোমেন মিত্র। তিনি বলেন, “তমোনাশের মৃত্যু আমার কাছে একটা দুঃসংবাদ। শুনেছিলাম করোনা আক্রান্ত হয়ে ও হাসপাতালে চিকিৎসাধীন। করোনা বিধি অনুযায়ী হাসপাতালে কাউকে দেখতে যাওয়া যায় না, তাই ওকে আমি দেখতে যেতে পারিনি। আজ সকালে যখন ওর মৃত্যু সংবাদ শুনলে তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল।” তিনি আরও বলেন, “তমোনাশ কর্মঠ ও নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী ছিলেন। প্রথম জীবনে কংগ্রেস ও পরে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। যে দলই থাকুন না কেন তিনি সেখানেই নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। মৃত্যুর বয়স হয়নি ওর। একে অকাল মৃত্যুই বলা চলে। তমোনাশের মৃত্যুতে যেমন ওর দলের ক্ষতি হল, তেমনই ক্ষতি হল ওর পরিবারের। তমোনাশের পরিবারকে সমবেদনা জানাই।”
প্রসঙ্গত, সোমেন মিত্র যখন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ছিলেন। তখন তাঁর লোকসভা এলাকার অধীন বিধানসভা ফলতার বিধায়ক ছিলেন তমোনাশ ঘোষ। অন্যদিকে, তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য তথা কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষের মৃত্যুতে কংগ্রেসের লোকসভার দলনেতা তথা বহরমপুরের সাংসদ বলেছেন, “তৃণমূল বিধায়ক তমোনাশ বাবুর মৃত্যু আমাকে শোকাহত করেছে, এভাবে চলে যাওয়া টা মানতে পারছি না। করোনা সমস্ত মানবজাতির বিপদ। সকলকে সাবধানে চলার পরামর্শ দিল ওনার অকালে চলে যাওয়া, এই মৃত্যু। মৃত তমোনাশ বাবুর পরিবারের সকলের জন্য সমবেদনা জানাচ্ছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news