চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
লকডাউনের জেরে অনেক স্কুল ও কলেজেই শুরু হয়েছে অনলাইন ক্লাস। কিন্তু এই অনলাইন ক্লাসই অনেক ছাত্রছাত্রীর দুঃস্বপ্নের কারণ হয়ে উঠল। কিছু ছাত্রীকে শুনতে হল ধর্ষণ ও হত্যার মতো হুমকি।
মঙ্গলবার কলকাতার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর অন লাইন ক্লাস চলছিল। সেই সময় কিছু বহিরাগত ওই অনলাইন ক্লাসে প্রবেশ করেন। এরপরই তারা চ্যাট বক্সে যৌন মন্তব্য ও অশালীন শব্দ লিখতে শুরু করেন। এমনকি কিছু ছাত্রীকে ধর্ষণ ও হত্যা করারও হুমকি দেন ওই বহিরাগতরা। এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য তৈরি হয় ওই অনলাইন ক্লাসকে কেন্দ্র করে। তড়িঘড়ি অনলাইন ক্লাসটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি বহিরাগতরা কীভাবে পাসওয়ার্ড চুরি করে ওই ক্লাসে যোগ দেয় তার তদন্ত শুরু করে স্কুল কর্তৃপক্ষ।
তদন্তে জানা যায়, ভার্চুয়াল ক্লাসের পাসওয়ার্ড অনেককে শেয়ার করা হয়েছে। এমনকি একটি ছাত্রের পাসওয়ার্ড দিয়ে দুটো লগইন করা হয়েছে। যার ফলে একজন বহিরাগত ওই ক্লাসে যোগ দেয়। এভাবে আরও কিছু পাসওয়ার্ডকে চিহ্নিত করার কাজ চলছে। এই ঘটনা সামনে আসার পরই অনলাইন ক্লাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে এর আগে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম (Zoom) না ব্যবহার করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news