চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা মৃত্যু সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। এই অভিযোগ তুলে মঙ্গলবার প্রিয়াঙ্কাকে কাঠগড়ায় তুললেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। পাশাপাশি এই মর্মে জানতে চেয়ে প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠিয়েছেন আগ্রার জেলাশাসক।
আগ্রায় করোনা মৃত্যু সম্পর্কে ভুল তথ্য দিয়ে টুইট করেন প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। তিনি বলেন, “আগ্রায় করোনা মৃত্যুর হার খুবই ভয়ানক। প্রতি ১৫ জন রোগীর মধ্যে এক জন করোনায় মারা যাচ্ছেন। ৪৮ ঘন্টার মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অবহেলার কারণে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করে মানুষের সামনে আনা হোক।” আরেকটি টুইট করে প্রিয়াঙ্কা দাবি করেন, আগ্রায় করোনা মৃত্যুর হার মুম্বই ও দিল্লির থেকেও বেশি।
প্রিয়াঙ্কার এই টুইটের পরই উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, “করোনা সংক্রমণের সময় সস্তার রাজনীতি করছে কংগ্রেস। মৃত্যু নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আগ্রার জেলাশাসকের তরফ থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তিনি এই চিঠির এখনও কোনও উত্তর দিতে পারেননি।” পাশাপাশি তিনি আরও বলেন, “কংগ্রেস আমাদের দেশের প্রধান বিরোধী দল। কিন্তু আচরণ চিন ও পাকিস্তানের মতো করছে। গাঁধী পরিবারের ক্ষমা চাওয়া উচিত করোনা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে যেভাবে রাজনীতি করছেন।”
প্রিয়াঙ্কার ভুল তথ্য প্রসঙ্গে আগ্রার জেলাশাসক প্রভু এন সিংহ বলেন, “৪৮ ঘন্টার মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। এই তথ্য বলার জন্য প্রিয়াঙ্কা গাঁধীকে নোটিশ পাঠানো হয়েছে।” জেলাশাসকের এই নোটিশ প্রসঙ্গে প্রিয়াঙ্কার মন্তব্য, একজন অফিসার অন্যকে দোষারোপ করার চেয়ে দুর্বলতা গুলি ঠিক করা উচিত এবং উন্নতর পরিষেবা দেওয়া দিকে নজর দেওয়া উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news