চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনা ভাইরাসের (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গেলেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষ। রাত দুটো নাগাদ বাঙুর হাসপাতালে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু বুধবার আনা হয়েছিল বাঙুরে। তৃণমূলের বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ছোট ভাই স্বপন ঘোষ, তিনি এলাকায় মন্টু বলেই বেশি পরিচিত ছিলেন। দাদা নির্মল ঘোষ ও তাঁর দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তারা সুস্থ হয়ে উঠলেও, সুস্থ হতে পারলেন না মন্টু। দীর্ঘ দিন পানিহাটি পুরসভার চেয়ারম্যান ছিলেন। মাথায় বিশাল জটা থাকায় অনেকেই সাধুদা বলে ডাকতেন তাঁকে। কিন্তু, বছর চারেক আগে বাইপাস অপারেশনের জন্য সেই জটা কেটে ফেলতে হয় তাঁকে। অকৃতদার মন্টু ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার ও দল।
প্রসঙ্গত, বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসে (TMC) ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণের থাবা। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মহেশতলার বিধায়ক দুলাল দাস ও গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস। মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছেন হাওড়া জেলার শিবপুরের অশীতিপর বিধায়ক জটু লাহিড়ী। সম্প্রতি করোনায় আক্রান্ত হলেন হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা যুবনেতা স্নেহাশিস চক্রবর্তী। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই নিজের কোন্নগরের কানাইপুর এলাকার বাড়িতেই আইসোলেশন রয়েছেন তিনি। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল করোনা ভাইরাসের আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠছেন। এগরার বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। গত দু মাসের ২৪ তারিখে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু আক্রান্ত হয়েছিলেন করোনায়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news