দেবক বন্দ্যোপাধ্যায়।
তামিল ব্রাহ্মণ সুব্রমণিয়ন স্বামী, দেশের পণ্ডিত হিন্দুত্ববাদীদের মধ্যে একজন।
মাদুরাইতে জন্ম, দিল্লিতে বড় হওয়া, কলকাতায় পড়াশোনা তারপর হাভার্ড।
কথা বলার সময় কাউকে রেয়াত করা তাঁর অভ্যেসে নেই। তিনি রাজীব গাঁধীর বন্ধু, সনিয়ায় কড়া সমালোচক।
২০১৩ থেকে বিজেপির সঙ্গে নাড়া বাঁধার পরেও প্রয়োজনে মোদির সমালোচনা করতে কুণ্ঠিত হন না।
এ হেন সুব্রমণিয়ন যখন মমতার উচ্চ প্রশংসা করেন, তখন কিছু কথা ভাববার অবকাশ থাকে বৈকি!
স্বামীর বক্তব্য কি আর পাঁচজন পলিটিক্যাল প্লেয়ারের মতো রাজনীতির সাময়িক প্রয়োজনে করা অভিসন্ধিমূলক ‘স্টেটমেন্ট?’

নাকি সুবিধা প্রার্থীর স্ততি?
নাকি শুধুই বিজেপির মধ্যে মোদি বিরোধী অংশের উচ্চারণ, যা কিনা মমতার প্রশংসা করে মোদিকে চাপে ফেলতে চায়?
উপরিউক্ত তিনটি সম্ভাবনার কোনওটিতেই স্বামীর বক্তব্য কে ফেলা যায় বলে মনে হয় না। কারন ধারাবাহিক ভাবে স্বামীর বিবিধ বক্তব্য খেয়াল করলে দেখা যায়, তিনি যা মনে করেন, সেটাই বলে থাকেন। সাজানো বক্তব্য তাঁর ধাতে নেই।
দলের মধ্যে থেকে তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্যে বলতে পারেন যে তিনি মোদির বিরোধী। মোদির অর্থনৈতিক ও পররাষ্ট্র পলিসির তিনি বিরোধী। তাঁর বিখ্যাত উক্তি, “মোদি দেশের রাজা নন,” এখনো টাটকা।
এ হেন স্বামী যখন বলেন ‘মমতা মনে মুখে এক,’ (তাঁর ইংরেজি বক্তব্যের সহজ ভাবানুবাদ করলে এটাই দাঁড়ায়) তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ টি জানা যায়। তবে এরপরেই, তাঁর বাক্যের শেষাংশে তিনি যা বলেন, তার রাজনৈতিক ব্যঞ্জনা সুদূর প্রসারী।
মোরারজি দেশাই, নরসিমা রাও, রাজীব গাঁধী এবং চন্দ্রশেখর। এই চারজন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার তুলনা করে স্বামী কি বোঝাতে চাইলেন মমতাও ‘পিএম মেটেরিয়াল?’
একই সঙ্গে দেশ জুড়ে ইন্দিরা বিরোধী আন্দোলনের হোতা জয় প্রকাশ নারায়নের (JP) নামও উল্লেখ করেছেন তিনি। দেশ জুড়ে মোদি বিরোধী আন্দোলনের লাগাম কার হাতে থাকা উচিত, এই বিতর্ক যখন চলছে, তখন স্বামীর এই রেফারেন্সটিও বেশ ইন্টারেস্টিং!
এই পাঁচ জনের সঙ্গে মমতার একটিই কমন ফ্যাকটরের কথা উল্লেখ করেছেন স্বামী। তিনি বলেছেন মমতা যেটা মনে করেন, সেটাই বলেন। স্বামীর মতে ভারতীয় রাজনীতি তে এটি একটি বিরল গুণ। যা দেশের চারজন প্রধানমন্ত্রীর ছিল। এর মধ্যে চন্দ্রশেখরের মন্ত্রীসভার সদস্য ছিলেন স্বামী। নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে লেবার কমিশনের চেয়ারম্যান ছিলেন স্বামী। আর রাজীব গাঁধীর সঙ্গে তাঁর সম্পর্ক টি কিছু টা অদ্ভুত ছিল। ‘গাঁধী পরিবারে রাজীবই একমাত্র ভালো মানুষ,’ রাহুল-প্রিয়ঙ্কার পিতৃদেব সম্পর্কে এই তাঁর চিরকালীন মতামত।
পরিস্থিতি তেমন এলে স্বামী কথিত মমতার এই ‘বিরল গুণটি’ তাঁকে প্রধানমন্ত্রীর আসনের দাবিদার হতে এগিয়ে রাখবে কি না, তা অবশ্য সময়ই বলতে পারবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news