চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে উদ্যোগী তৃণমূল। বিজেপির দলনেতা পদে বসার পরেই এক সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহারের নালিশ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এনেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগের সত্যতা যাচাইয়ে ভারপ্রাপ্ত বিধানসভার সংশ্লিষ্ট কমিটি বুধবার সেই সাংবাদিক বৈঠকের একাধিক ভিডিও ক্লিপিংস খতিয়ে দেখেছে। কমিটির একাধিক সদস্যের দাবি, চন্দ্রিমার অভিযোগের স্বপক্ষে প্রাথমিক প্রমাণ মিলেছে এই ক্লিপিংসগুলিতে। কারণ, বিভিন্ন টিভি মিডিয়ার ক্লিপিংস-এ স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে যে বিরোধী দলনেতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। ফলে স্বাধিকারভঙ্গের দায় এড়ানো কঠিন হবে শুভেন্দুর পক্ষে।
যদিও প্রিভিলেজ কমিটির বিজেপি সদস্যরা বিষয়টি আরও যাচাই করা দরকার বলে দাবি করেছেন। সূত্রের খবর, আগামী ৮ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠকের দিন ঠিক করা হয়েছে। তার আগে ভিডিও ক্লিপিংস-এর হুবহু টান্সক্রিপশন লিখিত আকারে কমিটির সদস্যদের দেওয়া হবে। ওইদিন বিরোধী দলনেতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য কমিটি সশরীরে হাজিরা দিতে ডাকবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে শুভেন্দুর বক্তব্য শোনার পর চন্দ্রিমাদেবীকেও সশরীরে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠাবে কমিটি। তাই সরাসরি না হলেও, ঘুরপথে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে চাপে ফেলতে কৌশলে উদ্যোগী হয়েছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news