চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী ২৯ নভেম্বর বসছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। কালীঘাটে তৃণমূল নেত্রীর বাসভবনে হবে এই বৈঠক। তৃণমূল সুপ্রিমো তথা দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ছাড়াও ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকেই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া হরিয়ানার নেতা অশোক তানওয়ারকেও বৈঠকে আসতে বলা হয়েছে। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁকে আলাপ-পরিচয় করানো হবে বলে জানানো হয়েছে। বৈঠকে যোগ দেবেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ও গোয়ার মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও। পুরভোটের জন্য কলকাতায় এসেছেন প্রশান্ত কিশোর। তিনি অবশ্য ওই বৈঠকে যোগদান করবেন না।
৯ নভেম্বর তৃণমূল ওয়ার্কিং কমিটির বৈঠকে একদিকে যেমন জাতীয় পর্যায়ে দলের অভিমুখ নিয়ে বলবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, তেমনি সংসদের শীতকালীন অধিবেশনে দলীয় সাংসদদের ভূমিকা কী হতে চলেছে ঠিক করে দেওয়া হবে। দীর্ঘ দিন বাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন দলনেত্রী। এ বছর বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এই বৈঠকেই হতে চলেছে তৃণমূলের জাতীয় অভিমুখ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ। কোনো সন্দেহ নেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংগঠন ধারে ও ভারে আরও বৃদ্ধি পাবে পাবে। তবে এই বৈঠক হতে চলেছে সেই শক্তিকে কেন্দ্রীভূত করার বৈঠক।
পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে তাদের সক্রিয় সংগঠন রয়েছে। সে দিক থেকে ২৯ নভেম্বরের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠনিক বিস্তারের পেছনে মূল লক্ষ্য ২৪–এর লোকসভা নির্বাচন। অতএব এই লক্ষ্যকে কার্যকারী করতে জাতীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করা ও সাংগঠনিক কাঠামোর বিস্তারই এখন দলের শীর্ষ নেতৃত্বের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরে কীর্তি আজাদ, পবন ভার্মা, অশোক তানওয়ারের মতো জাতীয় স্তরে পরিচিত মুখের তৃণমূল কংগ্রেসে যোগদান সেই বার্তাকে আরও জোরালো করেছে। মেঘালয়ে এখন বিরোধী দল তৃণমূল। উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা, অসমের রাজনীতিতে গতি এনেছে তৃণমূল। অন্যদিকে আগামী বছরে গোয়ার বিধানসভার নির্বাচন রয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেসে নেতা লুইজিনহো ফালেরিও তৃণমূলে যোগদান করার পর তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে ইতিমধ্যেই গোয়াবাসীর পাশে থাকার বার্তা দিয়েছে দল। আন্তর্জাতিক টেনিস তারকা ও গোয়ার ভূমিপুত্র লিয়েন্ডার পেজও যোগ দিয়েছেন তৃণমূলে৷ সেখানে তিনি জনসংযোগে নেমে পড়েছেন৷ আবার কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেও পাঠানো হয়েছে রাজ্যসভায়৷ সুস্মিতাকে সাংসদ করে বার্তা দেওয়া হয়েছে অসম, ত্রিপুরাতেও। উত্তরপ্রদেশের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠির নাতি যোগ দিয়েছেন তৃণমূলে৷ আবার বিহার, হরিয়ানার পরিচিত নেতারা দলে যোগ দেওয়ায় সব মিলিয়ে জাতীয় স্তরেও তৃণমূল কংগ্রেসের বার্তা স্পষ্ট বিজেপিকে হারানোই এখন দলের লক্ষ্য৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news