চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“যতক্ষন আমার মুখ থেকে কিছু না শুনছেন কিছুই বিশ্বাস করবেন না।” অনুগামীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর, দমদমের তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougato Roy) দাবি করেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। নিজের যাবতীয় অভিযোগের কথা বিস্তারিতভাবে দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সৌগত আরও দাবি করেছেন, সব সমস্যা মিটে গিয়েছে। আমি আগেই জানিয়েছিলাম শুভেন্দু তৃণমূলেই থাকছে।
তৃণমূল এমন দাবি করলেও, শুভেন্দু অধিকারীর পক্ষে কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। ফলে বিভ্রান্তি তৈরি হয় রাজনৈতিক মহলে। কিন্তু, তৃণমূলের কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু-অভিষেক বৈঠককে বিজেপির পরাজয় ও তৃণমূলের জয় বলে দাবি করতে শুরু করে। রাতেই নিজেদের অনুগামীদের বার্তা পাঠান প্রাক্তন পরিবহণমন্ত্রী। নিজের বার্তায় নন্দীগ্রাম বিধায়ক লেখেন, “যতক্ষণ আমার মুখ থেকে কিছু না শুনছেন, ততক্ষণ কিছুই বিশ্বাস করবেন না। কিছু বাজারি সংবাদপত্র অনেক কিছুই বলবে।”
প্রসঙ্গত, জুলাই মাসে যখন তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি বিষয়ে সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর অনুগামীরা মোট ২৩টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। শুভেন্দু অধিকারীকে সামনে রেখে, ‘ওনলি দাদা ফ্যানস’ নামে ওই গ্রুপ তৈরি হয়। জেলাভিত্তিক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে শুভেন্দুর গতিবিধি ও বক্তব্য প্রসঙ্গে বিস্তারিত জানানো হয়ে থাকে প্রতিদিন। এদিন রাতে ২৩টি গ্রুপের এডমিন শুভেন্দু অধিকারীর দেওয়া বার্তাটি পোস্ট করেন। মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই নিজের অবস্থান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে বিস্তারিত জানাবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news