সূর্য সরকার।
নাম না করে বিধানসভা অধিবেশনে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিধানসভায় সেচ দপ্তরের প্রশ্ন উত্তরোপর্ব চলছিল। বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার মালদা এলাকায় বাঁধ মেরামতের বিষয়ে প্রশ্ন তোলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি (BJP) সভাপতিকে আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, “আপনারা ১৮ জন সাংসদকে রাজ্য। কেন্দ্রে আপনাদের সরকার চলছে। কেন্দ্রকে বলুন টাকা দেওয়ার জন্য। শুধু ভাষণ বাজি করে চলবে না। ভাষণবাজি করে একবার জেতা যায়। দু’বার জেতা যায় না।” নাম না করলেও অধিবেশনে উপস্থিত সকলকেই বুঝে যান শুভেন্দুর টার্গেট দিলীপই।
সম্প্রতি বিজেপি সভাপতির ছেড়ে যাওয়া আসনে জয় ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে লোকসভা নির্বাচনে ৫৬ হাজার ভোটে বিজেপির এগিয়ে থাকা কালিয়াগঞ্জ আসনেও তৃণমূল (TMC) জয় পেয়েছে শুভেন্দুর হাত ধরেই। তাই তিনি নাম না করে আক্রমণ করেন দিলীপ ঘোষকে। পরে প্রশ্নের উত্তরে পরিবহনমন্ত্রী বলেন, “প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার ভাঙ্গন রোধ এবং বাঁধ মেরামতের ক্ষেত্রে যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা রাজ্য পালন করছে। ইতিমধ্যে রাজ্যের অংশীদারির অনেকটাই কাজে গিয়েছে বাকি কাজও আমরা করে দেবো। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত তাদের অংশীদারি টাকা আমরা পাইনি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news