নীল রায়।
একে রামে রক্ষে নেই, সঙ্গে সুগ্রীব দোসর ! রাজ্য প্রশাসনের একটি সিদ্ধান্তের পর এমনই সব কথা উঠতে শুরু করেছে। সম্প্রতি নবান্ন (Nabbana) সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ডহারবার লোকসভার অধীন চারজন যুবনেতাকে ‘ওয়াই প্লাস ক্যাটাগরি’র নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলেই পরিচিত। ডায়মন্ড হারবার লোকসভার অধীন বজবজ-১ নম্বর ব্লকের শ্রীমন্ত বৈদ্য, ফলতার জাহাঙ্গির খান, ডায়মন্ড হারবার-১ নম্বর ব্লকের গৌতম অধিকারী এবং ডায়মন্ড হারবার-২ নম্বর ব্লকের মেহবুব রহমান গায়েনকে ‘ওয়াই-প্লাস’ নিরাপত্তা দেওয়া হবে।
এঁরা ওই চারটি ব্লকের যুব তৃণমূলের (TMC) সভাপতি। ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তাই নয়, জেলায় যাতায়াতের সুবিধার জন্য এদের সকলকে ‘এসকর্ট’ গাড়িও দেবে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। ‘ওয়াই-প্লাস’ নিরাপত্তা প্রাপকেরা সর্বক্ষণের জন্য দু’জন করে বন্দুকধারী দেহরক্ষী পান। স্থানীয় পুলিশ চাইলে নিরাপত্তার বহর আরও বাড়িয়ে দিতে পারেন। রাজ্যের নিরাপত্তা ডিরেক্টরেট সেই মর্মেই নির্দেশ দিয়ে বলেছে, জেলা পুলিশ পরিস্থিতি বুঝে নিরাপত্তা বাড়িয়ে দিতে পারে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তিন লক্ষ ২১ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার এলাকায় কান পাতলে শোনা যায় মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপোকে জেতাতে ‘ভোট মেশিনারি’ পরিচালনার দায়িত্ব ছিল এদের হাতেই। নেতাকে রেকর্ড মার্জিনে জেতানোর পুরস্কারস্বরূপ এই উচ্চপর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে ওই যুবনেতাদের !
বজবজের যুবনেতা শ্রীমন্ত বৈদ্য জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ বিভাগের কর্মাধ্যক্ষ। আর জাহাঙ্গীর খান ফালতা পঞ্চায়েত সমিতির সভাপতি। বাকি দুজন অবশ্য ডায়মন্ডহারবারের দাপুটে নেতা বলেই পরিচিত। স্থানীয় সূত্রে খবর, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাপটে এই নেতাদের শ্রীবৃদ্ধি হয়েছে মাত্র কয়েক বছরে। ২০১৪ সালে সাংসদ হওয়ার পর থেকেই তৃণমূল রাজনীতিতে সক্রিয় অভিষেক। তাঁর নিরাপত্তা বহরও কম নয়। ব্যক্তিগতভাবে ‘জেড প্লাস ক্যাটাগরি’র নিরাপত্তার পাশাপাশি, তাঁর বাসভবন ঘিরে থাকে বিশাল পুলিশবাহিনী। তাই তাঁর ঘনিষ্ঠ নেতাদের ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পাওয়া নিয়ে খুব একটা ভাবতে নারাজ তৃণমূলের নেতারা।
এ প্রসঙ্গে ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভার অধীন এক বর্ষীয়ান তৃণমূল বিধায়কের কথায়, “যাদের ওয়াই ক্যাটাগারির নিরাপত্তা দেওয়া হয়েছে তারা সকলেই তৃণমূলের ভবিষ্যৎ। হয়তো আগামী দিনে তারাই বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই হয়তো এখন থেকেই নিরাপত্তা দেওয়া হয়েছে।” ঘটনাচক্রে এই বিধায়কের বামফ্রন্ট জামানায় থেকেই একজন সর্বক্ষণের নিরাপত্তারক্ষী পান। তৃণমূল জামানাতে সেই নিরাপত্তারক্ষী বহাল রয়েছে। কিন্তু কোনও ক্ষেত্রেই তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী থাকে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news