সূর্য সরকার
গণধর্ষণের স্বর্গরাজ্য তথা জুলুমবাজির নরক সুটিয়া পেতে চলেছে নতুন থানা। যেখানে গণধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছিলেন ৩৯ বছরের স্কুল শিক্ষক বরুন বিশ্বাস। তাঁর খুনের ঘটনায় নাম জড়িয়েছিল শাসক দলের এক প্রভাবশালী নেতার। খবরের শিরোনামে ছিল সুটিয়ার অহরহ ধর্ষণের ঘটনা। যদিও ২০১২ সালে বরুন বিশ্বাসের খুনের পর টনক নড়েছিল প্রশাসনের। ধীরে ধীরে ‘সুস্থ’ পরিবেশে ফেরে গাইঘাটা বিধানসভার এই সীমান্ত এলাকা। যখন প্রয়োজন ছিল তখন হয়নি, এত বছর পর উত্তর ২৪ পরগনা জেলায় নতুন থানা হচ্ছে সুটিয়া। স্থানীয় বাসিন্দাদের কথায়, দেরিতে হলেও ঘুম ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই সুটিয়া থানা তৈরির কাজ অনেকটা এগিয়েছে। গাইঘাটা থানা ভেঙে নতুন এই সুটিয়া থানা তৈরী হবে। মন্ত্রিসভার অনুমোদনও মিলেছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। বরাদ্ধ হয়েছে প্রায় এক কোটি টাকা। আগামী কিছুদিনের মধ্যেই থানা তৈরির কাজ শুরু হবে বলেই জানা গিয়েছে।
বর্তমানে গাইঘাটা থানার মধ্যে ২৩টি অঞ্চল পড়ে। যার মধ্যে প্রায় ৫-৬টি অঞ্চলই সীমান্ত লাগোয়া। ফলে সেই সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা এবং নজরদারি আরও কড়া করতে এই নতুন থানা তৈরির সিদ্ধান্ত বলেই প্রশাসন সূত্রের খবর।
জানা যাচ্ছে , গাইঘাটার ১৩টি অঞ্চলের সুটিয়া, ঝাউডাঙ্গা, ডুমা, রামনগর সহ মূলত সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে তৈরী হবে এই নতুন থানা। সুটিয়ার অতীত বলছে, ২০০০ সালে গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ তৈরী করেছিলেন বরুন বিশ্বাস। তারপর ১২ বছর ধরে চলে তার আন্দোলন। সেখানকার দিনের পর দিন ধর্ষণের ঘটনায় দাঁড়ি টানতে চেয়েছিলেন বরুন। যার জেরে অকালে মাত্র ৩৯ বছর বয়েসে ২০১২ সালের ৫ জুলাই খুন হয় সে। তারপর সারা রাজ্যজুড়ে আন্দোলন – প্রতিবাদ, বরুনের খুনিদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল।খবরের শিরোনামে ছিল সুটিয়া। কালক্রমে , পরিস্থিতি বদলেছে, শান্ত হয়েছে এলাকা।
বরুনের মৃত্যুর প্রায় ৭ বছর পর থানা হচ্ছে সুটিয়া, যা এতদিন শুধু একটা অনুসন্ধান কেন্দ্র ছিল মাত্র। সেই জমিতেই আর কিছুদিনের মধ্যে প্রায় এক কোটি টাকার নতুন থানা ভবন তৈরী হতে চলেছে বলেই জেলা সূত্রের খবর। প্রশাসনের দাবি, সীমান্ত এলাকার নজরদারি বাড়াতে মানুষের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। বনগাঁর বিধায়ক সুরজিৎ বিশ্বাসের কথায়, “অন্য স্বাভাবিক অঞ্চলের তুলনায় সীমান্ত এলাকায় পুলিশের ভূমিকা কাজকর্ম সবটাই ভিন্ন হয়। তাই কাজের সুবিধার জন্য বহু বছর ধরেই এই নতুন থানার প্রস্তাব ছিল। সেটাই এখন বাস্তবায়িত হচ্ছে।”
যদিও রাজনৈতিক মহল মনে করছে এর পিছনে রয়েছে লোকসভায় গাইঘাটা এলাকায় তৃণমূলের নির্বাচনী ধাক্কার অঙ্ক। এমনিতেই গাইঘাটা থানার পুলিশ আধিকারিকরা স্থানীয় তৃণমূল বিধায়কের কথা শুনছে না বলে দলের অন্দরে আগেই অভিযোগ করা হয়েছিল। সেখানে গাইঘাটা ভাগ করে নতুন সুটিয়া থানা হলে প্রশাসনিক কাজের সুবিধা যেমন হবে, তেমনি তৃণমূলের দলীয় নিয়ন্ত্রণ রাখাও অনেকটা সম্ভব হবে বলেই সম্ভবত এমন ভাগের সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news