প্রসেনজিৎ মাহাতো:
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন ভারতের তারকা কুস্তিগির সুশীল কুমার। মঙ্গলবার কেডি যাদব স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রায়ালে সুশীল ৪-২ পয়েন্টে হারান জিতেন্দারকে। কাজাখস্তানে আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। সুশীল নামবেন ৭৪ কেজি বিভাগে।
ট্রায়ালে আগ্রাসী মেজাজে ছিলেন দুই কুস্তিগিরই। লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। সেই লড়াইয়ে চোখে আঘাত লাগে জিতেন্দারের। মেডিক্যাল স্টাফেরা তাঁর চোট পরীক্ষা করেন। সুশীল বারবার বলতে থাকেন, ভুল করে এমনটা হয়ে গেছে। এরপর সুশীলের আরও একটি আক্রমণে কনুইয়ে চোট পান জিতেন্দার। তাও পাল্টা লড়াই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সুশীল একসময়ে এগিয়ে ছিলেন ৪-০। পরে জিতেন্দার ২ পয়েন্টের ব্যবধান কমান। জয়ের পর জিতেন্দারের চোট পাওয়া প্রসঙ্গে সুশীল বলেন, ‘ব্যাপারটা ইচ্ছাকৃত ছিল না। ও আমার ছোট ভাইয়ের মতো। খুব ভাল লড়াই হয়েছে। এরকম লড়াই যদি ধারাবাহিকভাবে হয়, দেশের ভালো হবে।’
হেরে গেলেও, বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে জিতেন্দারের কাছেও। তবে ৭৯ কেজি বিভাগের জন্য। ২৩ আগস্ট ট্রায়ালে তিনি লড়বেন বীরদেব গুলিয়ার সঙ্গে।
উল্লেখ্য, অলিম্পিকে দু’বারের পদকজয়ী সুশীল ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ৬৬ কেজি বিভাগে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news