চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ফের রাজ্যগুলির ওপর চাপ বাড়াল দেশের সুপ্রিম কোর্ট। শুক্রবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে এক মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সর্বোচ্চ ১৫ দিনের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট ( Supreme Court)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষে শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহেতা কেন্দ্রের বলেন, “৩ জুন পর্যন্ত ৪ হাজার ২২৮ টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হয়েছে। তার সাহায্যে ৫৭ লক্ষ পরিযায়ীদের বাড়ি ফেরানো হয়। ৪১ লক্ষ শ্রমিকের মধ্যে কেউ পায়ে হেঁটে কেউ বা গাড়ি ভাড়া করে বাড়ি পৌঁছেছেন। তবে এখনও প্রায় ১ কোটির মত শ্রমিক আটকে রয়েছেন। এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে সবথেকে বেশি ট্রেন বিহার ও উত্তরপ্রদেশে দেওয়া হয়েছে।”কেন্দ্রের সমস্ত খতিয়ান দেখে তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, কেন্দ্র ও রাজ্যকে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করতে হবে।
প্রসঙ্গত, গত ২৮ মে-র শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের (Migrent Labours) কাছ থেকে নেওয়া যাবে না ট্রেন কিংবা বাসের ভাড়া। সঙ্গে নিখরচায় দিতে হবে খাবার। উল্লেখ্য, বাড়ি ফিরতে গিয়ে নিয়তির কবলে পড়ে অকালে প্রাণও হারিয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। কেউ মারা গিয়েছেন ট্রেনে কাটা পড়ে, কেউবা প্রাণ হারিয়েছেন বাস কিংবা ট্রাকের ধাক্কায়। চলতে চলতে কারো প্রাণবায়ু ফুরিয়ে গিয়েছে অনাহারে। এমন পরিস্থিতি রুখতে আগেই রাজ্যগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেছিল সুপ্রিম কোর্ট। পরিযায়ী শ্রমিকদের থেকে ট্রেনের ভাড়া না নিয়ে তাদের নিজ দায়িত্বে বাড়ি ফেরাতে নির্দেশ দেয় রাজ্যগুলিকে। তবে এদিন শুনানি চলাকালীন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার নির্দিষ্ট সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে প্রতিটি রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ দেওয়ায় আশায় বুক বাঁধছেন ঘরে না ফিরতে পারা পরিযায়ী শ্রমিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news