চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকদের (Migrent Labours) কাছ থেকে নেওয়া যাবে না ট্রেন কিংবা বাসের ভাড়া। সঙ্গে নিখরচায় দিতে হবে খাবার। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার তিন বিচারপতির বেঞ্চে শুনানির পর আদালতের পর্যবেক্ষণ ছিল, এ বিষয়ে প্রধান সমস্যা হল পরিযায়ী শ্রমিকদের ‘ঘরে ফেরানো এবং তাঁদের খাবারের সংস্থান করা’। এদিন ফের সেই মামলার শুনানি হয় বিচারপতি অশোক ভুষণ, বিচারপতি এসকে কল এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে। শুনানির শুরুতেই সরকার পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে একের পর এক প্রশ্ন করেন বিচারপতিরা। তিন বিচারপতি একযোগে প্রায় ৫০টি প্রশ্ন করেছেন বলে আদালত সূত্রে খবর। উল্লেখযোগ্য ভাবে, ট্রেনের ভাড়া পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে কি না, সেই বিষয়টিও জানতে চায় দেশের শীর্ষ আদালত।
জবাবে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) বলেন, “এখনও পর্যন্ত ৯১ লক্ষ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছেন। ট্রেনে তাঁদের খাবার দিয়েছে রেল। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দূর করতে সরকার বহু পদক্ষেপ করেছে।” খাবারের প্রসঙ্গে তুষার মেহতা আরও বলেন, “যে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, ট্রেনে ওঠার আগে সেই রাজ্য সরকার তাঁদের খাবারের ব্যবস্থা করছেন। ট্রেনের মধ্যে খাবার দিচ্ছে ভারতীয় রেল। রেলের হিসেবে মোট ৮৪ লক্ষ মিল দেওয়া হয়েছে বিনামূল্যে। আর নিজের রাজ্যে ফেরত যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৯১ লক্ষ। স্বাস্থ্যবিধি মেনেই তাঁদের ফেরানো হচ্ছে এবং রাজ্যে ফেরার পর করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে কার্যকর বিধি অনুযায়ী হোম কিংবা সরকারি কোয়রান্টিন রাখার বন্দোবস্ত করছে রাজ্য সরকারগুলি।
প্রসঙ্গত, ১ মে থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেন চালাতে শুরু করে কেন্দ্র। কিন্তু ট্রেনের ভাড়া নিয়ে কেন্দ্র-রাজ্যের টানাপোড়েন চলছিল। এবার তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা। ১০ দিন আগে তাঁদের দুর্দশার জন্য কেন্দ্র ও রাজ্যগুলির ভূমিকা নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কিন্তু, পত্রপাঠ তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। কিন্তু, এবার কংগ্রেস ও সমাজকর্মী মেধা পাটেকরের দায়ের নতুন একটি মামলার প্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কারণ জানতে চেয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে নোটিশ পাঠায় দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার তারই জবাব দিল কেন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news