ওয়েব ডেস্ক:
যে মহিলা যৌন নিগ্রহের শিকার তাঁর নাম প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত। আজ এই মর্মে দেশের মিডিয়া এবং আইনরক্ষক সংস্থাকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে একটি লিখিত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। নির্দেশিকায় বলা হয়েছে, যে মহিলা যৌন নিপীড়নের শিকার হয়েছেন তাঁর নাম জনসভায় বা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করা যাবে না।
বিচারপতি এদিন বলেন, আমাদের সমাজে মেয়েরা যৌন নিগ্রহের শিকার হলে নানাভাবে তাঁকে হেনস্তা করা হয়। এমনকী তাঁকে সামাজিক ভাবে বয়কট করা হয় অনেক ক্ষেত্রে। ফলে যদি নিপীড়িত মেয়ের বাবা-মা সম্মতি দেন, তা হলেও পুলিশ বা ফরেনসিক বিশেষজ্ঞরা তার নাম প্রকাশ করতে পারবেন না।
উল্লেখ্য, নির্ভয়া কাণ্ডের কিছু দিন পর ধর্ষিতার নামধাম প্রকাশ্যে এসে গিয়েছিল। যা নিয়ে দেশ জুড়ে উত্তেজনা ছড়ায়। দোষীদের শাস্তির দাবিতে দিল্লিতে পথে নামে ছাত্ররা। এরপরে ঘৃণিত অপরাধ সংক্রান্ত আইনও বদলানো হয়। তখনই দেখা যায়, আইনের হাজারো নিষেধাজ্ঞা সত্ত্বেও ধর্ষিতার পরিচয় প্রকাশ হয়ে যাচ্ছে।
যদিও নির্ভয়ার বাবা নিজেই এক বিদেশী প্রকাশনা সংস্থার কাছে মেয়ের নাম উল্লেখ করেন। তিনি বলেছিলেন, আমরা চাই, সারা দেশ আমাদের মেয়ের নাম জানুক। আমার মেয়ে কোনও অন্যায় করেনি। সে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে করতে মরেছে। আমি তার জন্য গর্বিত। তার নাম প্রকাশ করলে অন্য যে মহিলারা ওই ধরনের নিগ্রহের শিকার হয়েছেন তাঁরা সাহস পাবেন।
সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল এক ধর্ষিতার নাম প্রকাশ করার দায়ে অভিযুক্ত হয়েছেন। দিল্লি পুলিশ জানায়, স্বাতী মালিওয়াল গত সপ্তাহে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মধুর বর্মাকে একটি নোটিশ পাঠিয়েছিলেন। তাতে ধর্ষিতার নাম উল্লেখ করা হয়। সেই নোটিশ তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে দেন। ফলে ধর্ষিতার নাম প্রকাশ্যে এসে পড়ে।
আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়, সেই কারণেই এবার কড়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news