ওয়েব ডেস্ক:
নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যার জেরে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি নারায়ণ শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে সিবিআই। জানা গিয়ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে দুর্নীতি প্রতিরোধ আইনের (Prevention of Corruption Act) আওতায় বিচারপতি শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি দিয়েছেন রঞ্জন গগৈ।
প্রসঙ্গত, এর আগেই বিচারপতি শুক্লা শীর্ষ আদালতে দোষীও সাব্যস্ত হন। ঘটনাটি ২০১৭ সালের। অন্যায় ভাবে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বাড়ানোর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচাপতিদের প্যানেল দোষী সাব্যস্ত করেছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি নারায়ণ শুক্লাকে। ওই সময় প্রোটোকল মেনে বিচারপতি শুক্লাকে পদত্যাগ অথবা সেচ্ছাবসর নিতে বলেছিলেন সুপ্রিম কোর্টের পূর্বতন প্রধান বিচারপতি দীপক মিশ্র। যদিও সেই আদেশে আমল দেননি বিচারপতি শুক্লা। এরপর ২০১৮ সালে শুক্লার এজলাস থেকে সব মামলা সরিয়ে নেয় শীর্ষ আদালত।
উল্লেখ্য, গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সংসদের অধিবেশনে বিচারপতি শুক্লাকে ‘ইমপিচ’ করার ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন। এবার বিচারপতি শুক্লার বিরুদ্ধে নির্দিষ্ট আইনে এফআইআর দায়ের করার দৃষ্টান্তমূলক অনুমতি দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ফলে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে দুর্নীতি মামলায় বিচারপতি নারায়ণ শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সিবিআই কোনও বাধা রইল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news