নীল বণিক:
প্রথম পর্যায়ের দুই আসনে শান্তিতে ভোট করাতে উদ্যোগী হলেন সুনীল আরোরা। সেই সূত্রে শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দুপুর দুটো নাগাদ ভিডিও কনফারেন্স করতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল আরোরা। কনফারেন্সে প্রথম দফার ভোট প্রস্তুতি নিয়ে কথা হবে বলে জানা গিয়েছে। কথা হবে প্রথম দফার ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও।
শুক্রবারই সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যেই বিক্ষোভ দেখান কোচবিহারের ভোটকর্মীরা। এর জেরে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে ডেপুটি নির্বাচনী আধিকারিক সুদীপ জৈনের সঙ্গেও তিনি এ বিষয়ে কথা বলেন।
এদিকে শুক্রবারই কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য আলাদা পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ১১ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তার আগে রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও। তিনিও দুই লোকসভা কেন্দ্রের যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news