নীল রায়:
কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীর কুমার ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে সিবিআই। রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরার জন্য শীর্ষ আদালতে আবেদন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হচ্ছে সিবিআই।
উল্লেখ্য, সারধা কাণ্ডের তদন্তে সিট গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ‘সিট’-এর প্রধান ছিলেন রাজীব। সিবিআই-এর অভিযোগ, ‘সিট’-এর প্রধান থাকাকালীন সারধা দুর্নীতির অনেক তথ্যপ্রমাণ নষ্ট ও বিকৃত করেছেন ‘সিট’ প্রধান রাজীব কুমার। গত ৩ ফেব্রুয়ারি সারধা তদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাসভবনে সিবিআই আধিকারিকদের একটি দল যাওয়ার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ তৎপর হয়। গ্রেফতার করেও ছেড়ে দেওয়া হয় সিবিআই-এর আধিকারিকদের। সে সময় আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। শীর্ষ আদালত তখন রাজীব কুমারকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। নিরপেক্ষ স্থান হিসেবে শিলং-এ রাজীব কুমারকে সিবিআই-এই মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। শিলং-এ টানা ৮ দিন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তদন্তকারী অফিসারদের দল। জিজ্ঞাসাবাদের পর মুখবন্ধ খামে সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়া হয়।
সিবিআই সূত্রে খবর, সেই রিপোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে রাজীব কুমার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এবার তাই নিজেদের হেফাজতে নিয়ে রাজীব কুমারকে জেরা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে সিবিআই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news