নীল রায়:
রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে আসছেন এআইসিসি সভাপতি রাহুল গাঁধী। প্রদেশ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে আগামী ১০ এপ্রিল রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে সভা করবেন তিনি।
উল্লেখ্য, ২০০৯ সালে ওই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন দীপা। পরে মনমোহন সিংহ মন্ত্রিসভায় তাঁকে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রীও করা হয়েছিল। কিন্তু ২০১৪ সালের লোকসভা ভোটে মাত্র ১৬৪৩ ভোটে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের কাছে পরাজিত হন প্রিয় জায়া। প্রসঙ্গত, কংগ্রেস-সিপিএম জোট আলোচনায় রায়গঞ্জ আসনটি সিপিএম প্রার্থী তথা সাংসদ মহম্মদ সেলিমকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাহুল। কিন্তু পরে জোট ভেঙে যাওয়ায় এবার রায়গঞ্জে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি।
একদা প্রিয়রঞ্জন দাশমুন্সির দুর্গ বলে পরিচিত এই রায়গঞ্জে এবার চতুর্মুখী লড়াই। সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের সঙ্গে দীপা দাশমুন্সি। সঙ্গে ময়দানে রয়েছেন তৃণমূলের কানাইয়ালাল আগারওয়াল, বিজেপির দেবশ্রী চৌধুরী। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রায়গঞ্জ আসনটি জিতবেন বলেই দাবি করছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র থেকে শুরু করে বিরোধী দলনেতা আব্দুল মান্নান রায়গঞ্জের রায় নিজেদের পক্ষে থাকবে বলেই ধরে নিচ্ছেন। তাঁদের যুক্তি, প্রয়াত হওয়ার পর প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাবাবেগ কাজ করবে ওই আসনে। সঙ্গে এইমস হাসপাতাল রায়গঞ্জ থেকে সরিয়ে কল্যাণীতে নিয়ে আসার বিরুদ্ধেও সেখানকার মানুষ এবারের ভোটে কংগ্রেসের পক্ষে রায় দেবেন বলে জানিয়েছেন তাঁরা। সঙ্গে দীপার হয়ে রাহুল গাঁধীর প্রচার নতুন মাত্রা যোগ করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news