সুমন ভট্টাচার্য:
বুধবার রাত ১২টার পরেই ফোন চলে গিয়েছিল পিকে’র টিমের গুরুত্বপূর্ণ সদস্যদের কাছে। ভালো পাঁচিলওলা বাড়ির সন্ধান করে দেওয়ার জন্য। একটু থতমত খেয়ে গেলেও মাঝরাতেই কিন্তু পিকে’র লোকজন জানিয়ে দেন, ‘স্যার, ওনারা কিন্তু পাঁচিল টপকেও ঢুকে আসছেন।’ ফোনের ওপাশে থাকা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাদের নার্ভাস গলায় তাও যুক্তি ছিল, ‘ফ্ল্যাট হলে তো আরও অসুবিধা না? কে কখন ঢুকে আসবে আমরা জানতেই পারব না।’
পিকে’র টিমের পরবর্তী পরামর্শটা অবশ্য অনেকেরই মনে ধরেছে। এবার শাসক দলের তরফে সেটা অনুসরণ করা হবে কিনা, তাই নিয়ে ‘সিরিয়াস’ চিন্তাভাবনা চলছে। পিকে’র দলের পরামর্শ হচ্ছে, বরং তাপস পালকে দিয়ে একটা ওয়ার্কশপ করানো যেতে পারে। ‘যদি তেমন কিছু’ হয়েই যায়, তাহলে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে, সেই নিয়ে তাপস পাল ‘ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স’ অন্যদের জানাতে পারেন। এ’ বিষয়ে হয়তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ‘অভিজ্ঞতা’ও কাজে লাগতে পারতো, কিন্তু তিনি আজকাল আবার ‘রামকথা’ পাঠে মনোযোগ দেওয়ায় সকলের খুব তাঁর উপর ভরসা রাখতে পারছেন না। তার চাইতে বরং কৃষ্ণনগরের প্রাক্তণ সাংসদ ভালো, তিনি ‘ঘরে ছেলে ঢুকিয়ে’ দিতে পারেন, কিন্তু ঘরে রাম তো ঢোকাবেন না। যদি তেমন ‘প্রয়োজন’-এ ওড়িষা যেতেই হয়, তাহলে তো হেভিওয়েটদের জেনে রাখা ভালো ‘কী করবেন, কী করবেন না’।
‘পিকে’ নাকি তাঁর টিমের সদস্যদের রাজ্যের শাসক দলের ‘হেভিওয়েট নেতা মন্ত্রী’দের পুত্র-কন্যাদের নিয়ে আলাদা ফাইল তৈরি করতে বলেছেন। চিদম্বরমের ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে ‘বিহারি বাবু’ তথা ধুরন্ধর রাজনৈতিক কৌশলী বিশেষ সতর্ক ‘গুণধর’ পুত্র-কন্যাদের নিয়ে। যাই হোক, এতবড় আইনজীবী, হার্ভার্ড ফেরত চিদম্বরম তো নাকি বিপাকে পড়েছেন তার বিখ্যাত পুত্র কীর্তি চিদম্বরমের জন্যই। শাসক দলের ভিতরেই ফিসফাস চলে, কীর্তি চিদম্বরম যদি টেষ্ট ক্রিকেট খেলেন, এই রাজ্যের অনেক মন্ত্রী পুত্র কন্যাই তো ‘আইপিলের ধুন্ধুমার ব্যাটিং’ এ অভ্যস্ত। তাই ‘শিয়রে সমন’ এলে কিভাবে মোকাবিলা করা যাবে সেই নিয়ে যথেষ্টই চিন্তিত ‘টিম পিকে’। কোনও প্রাক্তন মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে খোদ মন্ত্রীকেই থানায় যেতে হয়েছে, তো কোনও মন্ত্রীর ‘অভিনেত্রী কন্যা’ ইন্টিরিয়র ডেকরেশনের নামে এমন বিল করেছেন, ইডির অফিসাররা নাকি মহাভারতে হস্তিনাপুর সাজানোর জন্য বিশ্বকর্মার বিলের সঙ্গে মিলিয়ে দেখবেন বলে মহাভারত বিশেষজ্ঞদের খুঁজছেন। খোদ ‘পিকে’ অবশ্য আরও চিন্তায় এইসব পুত্র-কন্যাদের তথাকথিত সামাজিক ‘পরিচয়’ নিয়ে, যিনি নিজেকে অভিনেত্রী বলে পরিচয় দেন, তাঁর কোনও সিনেমাই মুক্তি পায় না, আর যিনি ম্যানেজমেন্ট ইনিস্টিটিউটে পড়েছেন বলে দাবি করেন, তাঁর সেই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটই কোনোদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত ছিল না।
এহেন ‘গঙ্গারাম’দের কোন্ রক্ষাকবজে বাঁচাবেন, এবং জেনারেশন নেক্সট নেতা হিসাবে তুলে ধরবেন, সেই নিয়েও নাকি ভেবে আকুল ‘পিকে’। শুধু ফ্লেক্সে ছবি আর সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে যে ‘চিদম্বরম পরবর্তী ঘোর কলি’তে টিকে থাকা যাবে না, সেটা আন্দাজ করেই অনেকে নাকি ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষায় চলে গিয়েছেন। শাসক দলের শীর্ষ মহল সূত্রে খবর, তাপস পাল যদি ওড়িষা নিয়ে বিশেষ ‘ওয়ার্কশপ’ নিতে পারেন, তবে দিদি কেন সিনিয়র বচ্চনকে বলবেন না, ‘অপদার্থ সন্তান’কে কিভাবে বাজারে টিকিয়ে রাখতে হয়, সেই নিয়ে কর্মশালা করার জন্য। বিশেষ করে যেখানে ‘বিগ বি’ প্রতি বছরই নিয়ম করে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসেন। শাসক দলের শীর্ষ নেতারাও মনে করছেন, যখন ‘পিকে’র পেশাদারি পরামর্শ নেওয়া হচ্ছে, তখন অপদার্থ পুত্র কন্যাদের ‘প্যাকেজিং’ করে সফল দেখানোর জন্য সিনিয়র বচ্চনও একটা কর্মশালা করতেই পারেন।
বিধিসম্মত সতর্কীকরণ: এই লেখাটি কল্পবিজ্ঞান। কিন্তু জুলেভার্ন-এর সায়েন্স ফিকশন যেমন, পরবর্তীকালে সাবমেরিনের জন্ম দিয়েছিল, তেমনই এই লেখার কল্পনাশ্রিত তথ্য মিলে গেলে তার দায় লেখকের নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news