নীল রায়:
মুকুলের অভিযোগের জবাব দিতে তড়িঘড়ি লিখিত বিবৃতি প্রকাশ করল তৃণমূল। রাজ্যসভার ইএসআই নির্বাচনে প্রার্থী দোলা সেনকে জেতাতে বিজেপির সমর্থন নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। পাল্টা বিবৃতি প্রকাশ করে মুকুলের সেই দাবিকে নস্যাৎ করলেন তৃণমূলের রাজ্যসভার উপ দলনেতা সুখেন্দু শেখর রায়। এক লিখিত বিবৃতি প্রকাশ করে বিজেপি নেতা মুকুল রায়কে আক্রমণ করেন তিনি। লিখিত বিবৃতিতে সুখেন্দু শেখর দাবি করেছেন, এই ধরনের নির্বাচনে প্রার্থীর কোনও রঙ থাকে না। কোনও পক্ষ থাকে না। গোপন ব্যালটে আয়োজিত এই নির্বাচনে কোনও দলীয় হুইপ থাকে না বলেও দাবি করেছেন সুখেন্দু শেখর। তাই এই ভোটে দোলা সেন জয়ী হলেও বিজেপি সাংসদদের তাঁকে ভোট দিতে অনুরোধ করেনি তৃণমূল।
লিখিত বিবৃতিতে এমনটাই বোঝাতে চেয়েছেন রাজ্যসভার এই সাংসদ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন শীঘ্রই মুকুলের বিরুদ্ধে “ব্রিজ অফ প্রিভিলেজ” দায়ের করবেন বলেও জানিয়েছেন সুখেন্দু শেখর। প্রসঙ্গত, মুকুল রায়ের এদিনের দাবিতে রাজনৈতিক মহলে অস্বস্তিতে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি সরাসরি নরেন্দ্র মোদির বিরোধিতা করে গোটা দেশে কাছে বিরোধী মুখ হয়ে উঠতে চাইছেন, সেখানে বিজেপির সঙ্গে গোপনে রফা করে দলীয় সাংসদের জন্য ইএসআই নির্বাচনী আসন পেতে চাইছেন তৃণমূল নেত্রী, এমনটা প্রকাশ পেলে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক জোর ধাক্কা খেতে পারে। এমন আশঙ্কা থেকেই এদিন বিবৃতি প্রকাশ করেছে তৃণমূল। সুখেন্দু শেখর জানিয়েছেন, সংসদীয় রীতিনীতির যাবতীয় বিষয়গুলি মুকুল ইচ্ছাকৃতভাবেই লুকিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news