ওয়েব ডেস্ক:
লুচি-আলুর দমে যে সখ্যর শুরু তা আজ ফের সরগরম করল বাজার। বৃহস্পতিবার ফের সব্যসাচী দত্তের বাড়িতে এলেন মুকুল রায়। স্বভাবতই বিধাননগর পুরনিগমের বিজেপি যোগের জল্পনা আরও একধাপ বাড়ল।
বৃহস্পতিবার বেলা পৌনে একটা নাগাদ প্রথমবার মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়ির সামনে গাড়ি থেকে নামেন। এদিন মুকুলের সঙ্গে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিকে তৃণমূল ভবনে বিধায়কদের নিয়ে আজ বৈঠকে বসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে নিউটাউন রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্তের যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়ে সব্যসাচী বলেন, “বিধাননগরের বিভিন্ন লোকজন আসছে সেই কারণে ব্যস্ত থাকব।”
রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি মুকুলের জন্যই বাড়িতে অপেক্ষা করছিলেন সব্যসাচী? অবশ্য সব্যসাচী দত্ত বেশ কিছুদিন ধরেই দলের মিটিং মিছল এড়িয়ে যাচ্ছেন। দল যে তাঁকে নিয়ে চরম অস্বস্তিতে তাও প্রকাশ্যে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের ডাকা সত্ত্বেও কেন তিনি না গিয়ে মুকুল রায়ের সঙ্গে বাড়িতে ‘সৌজন্য সাক্ষাৎ’-এ ব্যস্ত হলেন! রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মত, সব্যসাচী বুঝিয়ে দিতে চাইলেন, অনাস্থার মুখে পড়েও হার মানতে নারাজ তিনি। শাসকের উল্টোদিকে তাঁর শক্তিও নেহাত কম নয়।
মুকুল রায় অবশ্য এদিনও সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুলতে চাননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news